সরকার নতুন মোড়কে বাকশাল কায়েম করছে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার নতুন মোড়কে বাকশাল কায়েম করার সব আয়োজন সম্পন্ন করেছে। এ লক্ষ্যে নির্বাচন থেকে বিএনপিকে দূরে ঠেলে দিতে যা যা করা দরকার সরকার তার সবই করছে। মির্জা ফখরুল বলেন, এ সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের ধমনিতে একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের রক্ত প্রবহমান।আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। বিএনপির নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর মুক্তির দাবিতে লালবাগ থানা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো এ মানববন্ধনের আয়োজন করে।মির্জা ফখরুল বলেন, বিডিআর বিদ্রোহ এবং ২১ আগস্ট মামলার পর এখন ২০০১ সালের নির্বাচন-পরবর্তী সাম্প্রদায়িক সহিংসতার কল্পিত অভিযোগ তুলে ২৬ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করার আয়োজন চলছে। বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ১৫টি মামলা প্রত্যাহার করে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, আট বছর আগে অবসরে যাওয়া একজন পুলিশ কর্মকর্তাকে দিয়ে তদন্ত করিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে জড়ানো হয়েছে। একের পর এক হত্যা ও গুম চলছে। এসব কর্মকাণ্ডের মূল লক্ষ্য বিএনপিকে দূরে ঠেলে দিয়ে দলীয় সরকারে অধীনে নির্বাচন করা।এ মানববন্ধনে বিএনপির নেতাদের মধ্যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রিজভী আহমেদ, নাজিমউদ্দিন আলম ও বাবুল আহমেদ বক্তব্য দেন।