সরকার নাকি চার চোরকে খুঁজে পেয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর-রুনী খুনের পেছনে যাঁরা আছেন, তাঁদের আড়াল করতে সাধারণ চোরের দিকে অঙ্গুলি নির্দেশ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ-সমাবেশে তিনি এ অভিযোগ করেন।বিকেলে সাগর-রুনীর হত্যার বিষয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। সন্ধ্যার সামান্য আগে নয়াপল্টনের সমাবেশে খন্দকার মোশাররফ বলেন, ‘একটু আগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাঁরা নাকি চারজন চোরকে খুঁজে পেয়েছেন।’সমাবেশে বিএনপির এই নেতা বৌদ্ধদের ওপর হামলার ঘটনার জন্য বিএনপির স্থানীয় সাংসদকে দায়ী করে রামুর জনসভায় প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, ‘সরকারের বিভিন্ন সংস্থা এ ঘটনা তদন্ত করছে। তাহলে এ তদন্তের কী প্রয়োজন ছিল।’ তিনি বলেন, সরকারের সীমাহীন ব্যর্থতা ও পাহাড়সম দুর্নীতি থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য রামুতে এ ঘটনা ঘটানো হয়েছে। তারা বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক দেশ হিসেবে চিহ্নিত করতে চায়।হামলার নয় দিন পর গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘটনাস্থল পরিদর্শন শেষে রামু বাজারে এক সমাবেশে বক্তব্য দেন। সেখানে এ ঘটনার জন্য বিএনপির স্থানীয় সাংসদ লুত্ফর রহমানকে সরাসরি দায়ী করেন তিনি।জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেনে আলালের মুক্তির দাবিতে ও যুবদলের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে যুবদলের কেন্দ্রীয় কমিটি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব বরকতউল্লা, রুহুল কবির রিজভী, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব প্রমুখ বক্তব্য দেন।