সরকার নাশকতা করে দায় চাপাতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতা হতে পারে—এ অপপ্রচার চালিয়ে সরকার বিরোধী দলের ১২ মার্চের মহাসমাবেশ বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিএনপি।এ ছাড়া ১২ মার্চ ঢাকায় আসা ঠেকাতে গাড়ি ভাড়া না দিতে পরিবহন মালিকদের পুলিশ দিয়ে হুমকি, বিরোধী দলের নেতা-কর্মীদের গণগ্রেপ্তার, রাজধানীর হোটেল ও মেসবাড়িতে অভিযানসহ নানাভাবে কর্মসূচি বানচালের তৎপরতা চলছে বলেও বিএনপির নেতারা অভিযোগ করেছেন।গতকাল বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মির্জা ফখরুল বলেন, ‘আমরা বুঝতে পারছি না, সরকার কেন নাশকতার আশঙ্কা করছে। মনে হচ্ছে, তারাই নাশকতা সৃষ্টি করে এর দায়দায়িত্ব বিএনপির ওপর চাপাবে। সরকারের মন্ত্রী-এমপি ও আওয়ামী লীগের নেতাদের বক্তব্যেই তা বোঝা যাচ্ছে।’ তিনি এ অপপ্রচারে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মহাসমাবেশ করতে চাই। কিন্তু সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সারা দেশে বিএনপি ও জোটের নেতা-কর্মীদের গ্রেপ্তার শুরু করেছে। পুলিশ বলছে, ৫৪ ধারায় আগামী চার-পাঁচ দিন আটকে রাখা হবে।’ তিনি অভিযোগ করেন, বিরোধী দলের নেতা-কর্মীরা যাতে মহাসমাবেশে যোগ দিতে না পারেন, সে জন্য সরকারের পক্ষ থেকে পরিবহন মালিকদের গাড়ি ভাড়া না দিতে বলে দেওয়া হয়েছে। রাজধানীর আবাসিক হোটেল মালিকদের ডেকে ৯ থেকে ১২ মার্চ পর্যন্ত কোনো কক্ষ ভাড়া না দিতে শাসিয়ে দেওয়া হয়েছে। কমিউনিটি সেন্টারগুলোতেও একই অবস্থা। ঢাকার মেসবাড়িগুলোতেও এ কয়েক দিন কোনো মেহমান না রাখার জন্য পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে।‘ঢাকা শহরে যাঁকে অপরিচিত মনে হবে, তাঁকে ধরিয়ে দিতে হবে’—আইন প্রতিমন্ত্রীর এ বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ঢাকা বাংলাদেশের রাজধানী। এখানে প্রতিদিন লাখ লাখ লোক কাজের জন্য যাতায়াত করেন। কেউ কাউকে চিনে রাখেন না। প্রতিমন্ত্রীর এ ধরনের বক্তব্যের মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।‘সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে’ বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আমরা মানিক মিয়া এভিনিউ ও পল্টন ময়দান চেয়েছিলাম। নয়াপল্টনে অনুমোদন দিলেও প্রচারের জন্য মাইক ব্যবহারের অনুমোদন দিচ্ছে না। বুঝতে পারছি না, সরকার হঠাৎ করে কেন এতটা ঘাবড়ে গেল?’সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় ও মহানগর কমিটির নেতারা উপস্থিত ছিলেন।জামায়াতের সমাবেশ: গতকাল রাজধানীর রামপুরায় এক সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাংসদ হামিদুর রহমান আযাদ অভিযোগ করেছেন, ১২ মার্চ ঢাকায় জনবিস্ফোরণের ভয়েই সরকার মহাসমাবেশ বানচাল করার চেষ্টা করছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের ওপর দমনপীড়ন চালাচ্ছে। তিনি মহাসমাবেশ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে সরকারকে সহযোগিতার আহ্বান জানান।‘ঢাকা চলো’ কর্মসূচি সফল করতে দলটির রামপুরা থানা কমিটি এ সমাবেশের আয়োজন করে।এদিকে, জামায়াতের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গতকাল এক বিবৃতিতে চারদলীয় জোট ও সমমনা দলের নেতা-কর্মীদের গণগ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন। তিনি অবিলম্বে নেতা-কর্মীদের মুক্তির দাবি করেন।