বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতাদের দাবি, সরকার এ সমাবেশ বানচাল করার জন্য সড়ক ও নৌপথে যান চলাচল বন্ধ করে দিয়েছিল। কিন্তু এর পরও তারা জনগণকে আটকাতে পারেনি। জনগণের জোয়ারে এ সমাবেশ মহাসমাবেশে পরিণত হয়েছে।আজ সোমবার বিকেলে ১৮ দলীয় জোটের সমাবেশে নেতারা এসব কথা বলেন। আজ বেলা আড়াইটার দিকে সমাবেশ শুরু হয়। তবে সকাল থেকেই নেতা-কর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনের সড়ক ও আশপাশের এলাকায় জড়ো হতে থাকে। সেখানে আজকের সমাবেশের মূল মঞ্চ করা হয়েছে। বিকেল চারটার দিকে সমাবেশ মঞ্চে উপস্থিত হন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, বিএনপির কর্মসূচির ভয়ে সরকার নিজেই হরতাল পালন করছে। বাস-লঞ্চসহ সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে। সরকার ঢাকায়ও যান চলাচল বন্ধ করে দিয়েছে। তবে জনগণকে আটকে রাখা যায়নি। জনগণের বিপুল অংশগ্রহণে সমাবেশ মহাসমাবেশে পরিণত হয়েছে।বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মঈন খান বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের যে দাবি বিএনপি তুলেছে, সেটা পূরণ না করলে বিএনপির কোনো ক্ষতি নেই। এতে সরকার ও জনগণই ক্ষতিগ্রস্ত হবে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সরকার বাস, লঞ্চসহ সব যানবাহন বন্ধ করে দিয়েছে। তার পরও মানুষ জোয়ারের মতো সমাবেশে যোগ দিয়েছে। জন-জোয়ারে সমাবেশ মহাসমাবেশে পরিণত হয়েছে।এর আগে শরিক দলের নেতারা এক দফা আন্দোলনে যাওয়ার ঘোষণা দিতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান।সকালের দিকে মঞ্চের সামনের দিকে বসাকে কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্রদলের কর্মীদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হয়।