লিবিয়ায় যাচ্ছেন ৬০০ চিকিৎসক ও নার্স
সরকার নিরাপদ অভিবাসনের জন্য কাজ করছে: প্রবাসীকল্যাণমন্ত্রী
বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খোন্দকার মোশাররফ বলেছেন, বর্তমান সরকার নিরাপদ ও সম্মানজনক অভিবাসনের জন্য কাজ করছে। তিনি অভিযোগ করে বলেন, বিদেশে কাজ করতে যেতে যেখানে ৩০ থেকে ৪০ হাজার টাকা লাগার কথা, সেখানে দুই থেকে আড়াই লাখ টাকা নিচ্ছে রিক্রুটিং এজেন্সিগুলো। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নিয়োগপ্রাপ্ত চিকিত্সক ও সেবিকারা সে দেশের উদ্দেশে রওনা দেওয়ার আগে আজ মঙ্গলবার এক অনুষ্ঠানে বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী তাঁদের এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ থেকে যাঁরা বিদেশে চাকরি নিয়ে যান, তাঁদের প্রায় সবাই অদক্ষ। কাজেই যত বেশি পেশাজীবী বিদেশে যাবেন, ততই দেশের ভাবমূর্তি উন্নত হবে।খোন্দকার মোশাররফ বলেন, অতীতের সরকারের ব্যর্থতার কারণে সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়াসহ অনেক বাজারে বাংলাদেশ থেকে শ্রমশক্তি রপ্তানি বন্ধ হয়ে আছে। বর্তমান সরকার সেই বাজারগুলো চালু করাসহ বাজার সম্প্রসারণের জন্য কাজ করে যাচ্ছে।এই অনুষ্ঠানে জানানো হয়, আজুরি বেঙ্গল লিমিটেডের মাধ্যমে আজ রাতে ২১ জন চিকিত্সক ও ৭০ জন সেবিকা লিবিয়ায় যাচ্ছেন। দেশটিতে কয়েকটি দলে মোট ৬০০ চিকিত্সক ও সেবিকা চাকরি করতে যাবেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জাফর আহমেদ খান; জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ভারপ্রাপ্ত মহাপরিচালক হজরত আলী, পরিচালক সেলিম রেজা, আজুরি বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।