সরকার নয়, অন্য কেউ দেশ চালাচ্ছে: খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারের সমালোচনা করে বলেছেন, তারা ব্যর্থ ও অযোগ্য। তিনি অভিযোগ করেছেন যে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে তাদের বিভিন্ন কর্মকাণ্ড দেখে মনে হয়েছে, দেশ তারা পরিচালনা করছে না। দেশ পরিচালনা করছে অন্য কেউ। আজ শুক্রবার বিকেলে তিনি পল্টন ময়দানে ছাত্রদলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন।ঢাকায় ভারতীয় হাইকমিশনে সে দেশ থেকে আসা বিশেষ নিরাপত্তা বাহিনীর টহল দেওয়া প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, এ ব্যাপারে বিভিন্ন পত্র-পত্রিকা ও টেলিভিশনে ছবি প্রকাশ করা হলেও সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা কিছু জানেন না বলে বারবার বলছেন। এ কারণে তিনি সরকারের সমালোচনা করে বলেন, ‘এদের হাতে দেশ কী করে নিরাপদ হবে? এদের হাতে কী করে দেশের জনগণ নিরাপদ থাকবে?’ তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপদের মুখে রয়েছে বলেও মন্তব্য করেন। খালেদা জিয়া বলেন, বিএনপি সরকারকে সহযোগিতা করতে চেয়েছে। আর এ কারণেই গত এক বছর দলটি হরতাল-অবরোধের মতো কোনো কর্মসূচি দেয়নি। তার পরও সরকার দেশের জন্য কিছু করতে ব্যর্থ হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, গত এক বছরে সরকারি দলের সহযোগী সংগঠনগুলো দেশে দখলের রাজনীতি করেছে। বিরোধী দলের নেতা অভিযোগ করেন, বর্তমান সরকার বিদেশিদের সন্তুষ্ট করতে ব্যস্ত। ফারাক্কা বাঁধের কারণে আমাদের দেশে নদ-নদী শুকিয়ে যাচ্ছে। তার পরও সরকার ভারতের টিপাইমুখ বাঁধ নির্মাণ বিষয়ে নিশ্চুপ রয়েছে। বিএনপি এশিয়ান হাইওয়ের সঙ্গে বাংলাদেশের যুক্ত হওয়ার পক্ষে; তবে ট্রানজিটের নামে ভারত থেকে ভারতে যাওয়ার রাস্তা করে দেওয়া হলে সেটা বিএনপি মেনে নেবে না। সমুদ্রসীমা নিয়ে চলমান বিরোধ নিষ্পত্তির ব্যাপারে উদ্যোগী না হলে, সীমান্তে বিএসএফের হাতে এ দেশের নিরীহ মানুষ হত্যা বন্ধে সরকার পদক্ষেপ না নিলে বিএনপি আন্দোলনে যাবে বলে খালেদা জিয়া হুঁশিয়ারি উচ্চারণ করেন।