সরকার পতনের আন্দোলনের জন্য অর্থ দেয় ১৮ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিল-পল্টন এলাকায় ৫ মে হেফাজতে ইসলাম বাংলাদেশের অবরোধ কর্মসূচি চলাকালে সকাল থেকেই ভাঙচুর, অগ্নিসংযোগ করেন ছাত্রদল-যুবদল এবং জামায়াত-শিবির ও হেফাজতের কর্মীরা। মতিঝিল এলাকায় সহিংস ঘটনা বন্ধ করার জন্য হেফাজতের ১৪ নেতাকে অনুরোধ করেছিলেন হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী।আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জুনায়েদ বাবুনগরী এসব কথা বলেন। ঢাকার মহানগর হাকিম হারুন অর-রশিদ তার খাসকামরায় জুনায়েদ বাবুনগরীর জবানবন্দি লিপিবদ্ধ করেন। আদালত জবানবন্দি গ্রহণ শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।আদালত সূত্রে জানা যায়, মতিঝিল থানার একটি মামলায় দুই দফায় ১৩ দিনের রিমান্ড শেষে আজ আদালতে হাজির করে জুনায়েদ বাবুনগরীর জবানবন্দি গ্রহণের আবেদন জানানো হয়। জবানবন্দি দেবেন কি না, তা চিন্তা করার জন্য আদালত জুনায়েদ বাবুনগরীকে নিয়ম অনুযায়ী তিন ঘণ্টা সময় দেন। পরে জুনায়েদ বাবুনগরী আদালতকে বলেন, ৬ এপ্রিল হেফাজতে ইসলাম কর্মসূচি ঘোষণা করে। সমাবেশের অনুমতি আদায়ের জন্য ৫ মে রাজধানীর ছয়টি প্রবেশপথে হেফাজতের নেতা-কর্মীরা অবরোধ কর্মসূচি পালন করেন। পরে সরকারের অনুমতি নিয়ে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের ১৩ দফা বাস্তবায়নের দাবিতে সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়। জুনায়েদ বাবুনগরী জবানবন্দিতে বলেন, সকাল থেকেই বায়তুল মোকাররম, পুরানা পল্টনসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যর ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজসহ বিভিন্ন অপরাধে জামায়াত-শিবির, ছাত্রদল এবং যুবদলের নেতা-কর্মীদের সঙ্গে হেফাজতের কর্মীরা জড়িয়ে পড়েন। এসব বিষয়ে হেফাজতের আমির আহমেদ শফীকে অবহিত করলে তিনি সহিংসতা বন্ধ করার নির্দেশ দেন।আদালত সূত্র জানায়, বাবুনগরী আদালতকে জানান, মাওলানা নুর হোসেন কাসেমী, মাওলানা মুফতি ফয়জুল্লাহ, আবুল হাসানাত আমিনী, মাওলানা শাখাওয়াত হোসেন, জুনায়েত আল হাবিব, আতাউল্লাহ আমীন, গোলাম মহিউদ্দিন একরাম, শেখ লোকমান হোসেন, মাঈনুদ্দিন রুহী, শামছুল আলম, আজিজুল হক ইসলামবাদী ফজলুল কারী জিহাদিদের সঙ্গে যোগাযোগ করে সহিংসতা ও লুটতরাজ বন্ধ করতে বলেন তিনি। লালবাগ মাদ্রাসায় অবস্থানকালেই জুনায়েদ বাবুনগরী জানতে পারেন, জামায়াত-শিবির, ছাত্রদল ও যুবদলের সঙ্গে হেফাজতের কর্মীরা বিভিন্ন বইয়ের দোকানসহ কোরআন শরিফ পোড়াচ্ছেন।জুনায়েদ বাবুনগরী জবানবন্দিতে বলেন, এই সহিংসতা বন্ধ করতে তাদের ১৪ জন নেতাকে বললে তাঁরা তাঁকে চুপ থাকতে বলেন। তাঁরা জুনায়েদ বাবুনগরীকে বলেন, আন্দোলন এখন ১৩ দফায় নেই। এই আন্দোলন এখন সরকার পতনের আন্দোলন। এ জন্য ১৮ দলের লোকজন তাঁদের সহায়তা ও অর্থ দেবে। ১৮ দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা হয়েছে, তাঁরা খাবার ও পানি দেবেন।জুনায়েদ বাবুনগরী তাঁর জবানবন্দিতে বলেন, মাগরিবের নামাজের পর তিনি সমাবেশস্থলে যান। মঞ্চে যাওয়ার আগে শুনতে পান, সরকার ১৩ দফা দাবি না মানা পর্যন্ত এবং সরকার পতন না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাবেন। উপস্থিত নেতারা এ জন্য বিভিন্ন উত্স হতে অর্থ পেয়েছেন বলে জবানবন্দিতে বাবুনগরী উল্লেখ করেন।জবানবন্দিতে বাবুনগরী আরও বলেন, অবস্থান চলাকালে ১৮-দলীয় জোট অর্থ দেবে এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা সকালের নাশতা এবং দুপুরের খাবার দেবেন বলে শাপলা চত্বরের মঞ্চে উপস্থিত ১৪ জন নেতা তাঁকে জানান। আদালতের সংশ্লিষ্ট সূত্র জানায়, বাবুনগরী তাঁর জবানবন্দিতে স্বীকার করেছেন, সহিংস ঘটনায় একজন পুলিশ মারা যায়। রাতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালে হেফাজতের কর্মীরা পালিয়ে যান। সহিংস ঘটনার জন্য তিনি অনুতাপ প্রকাশ করেছেন বলে সূত্র জানায়। ১৩ দফা দাবি আদায়ের জন্য হেফাজতের নেতা-কর্মীরা এ মাসের ৫ তারিখে অবরোধ শেষে মতিঝিলে অবস্থান নিতে থাকেন। এ সময় তাঁরা মতিঝিল থেকে ইত্তেফাক মোড়, দৈনিক বাংলার মোড় ও ফকিরাপুল এলাকায় জঙ্গি কায়দায় বাঁশের লাঠি, কাঠের লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্রসহ ইট ও বোমা নিক্ষেপ করে যানচলাচলে বাধা ও বোমা ফাটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেন। তাঁরা বিভিন্ন ভবন ও গাড়ি ভাঙচুর এবং ভবনে, গাড়িতে ও ফুটপাতের বিভিন্ন দোকানে অগ্নিসংযোগ করেন। একপর্যায়ে তাঁরা মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেন। পরদিন ৬ মে রাতে লালবাগ এলাকা থেকে হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরীকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেপ্তার করে। ৭ মে পৃথক তিনটি মামলায় ২২ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।