সরকার পতনের বুদ্ধি খালেদা জিয়ার আছে
বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, শুধু হরতাল-পিকেটিংয়ে সরকারের পতন ঘটানো যায় না। এজন্য বুদ্ধিও লাগে, যা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার রয়েছে। আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে যুব জাপা আয়োজিত এক যুব সমাবেশে জয়নুল আবদিন ফারুক এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব বন্দীর শর্তহীন মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।রাষ্ট্রপতির উদ্দেশে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের বিল আনার নিশ্চয়তা দিলে বিএনপি সংসদে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, বিএনপি জোরে বিশ্বাস করে না, গণতন্ত্রে বিশ্বাস করে। সংলাপের জন্য বিএনপির দরজা সব জায়গায়, সব সময় খোলা। কিন্তু এই সংলাপ হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রসঙ্গে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব জাপার সভাপতি ইনসান আলম আক্কাস।