সরকার পরিচালনায় মহাজোট মহাব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, দুই বছরের শাসনামলে মহাজোট সরকার মহাব্যর্থতার পরিচয় দিয়েছে। এত দিন তারা বলেছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। যেই নিজেদের একজন মারা গেল, তখন বলছে আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। তাদের নিজেদের বাসাতেই যখন ডাকাতি হচ্ছে, তখন মানতেই হবে সাধারণ মানুষ নিরাপদ নয়। আজ বিকেলে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ফোরাম আয়োজিত গোলটেবিল আলোচনায় মওদুদ আহমদ এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আজকের পত্রিকায় ছাপা হয়েছে, শিশুদের বিকলাঙ্গ করে ব্যবসা করার হোতা কামরাঙ্গীরচরের সুলতানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। একইভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অর্থনৈতিকভাবে বাংলাদেশকে বিকলাঙ্গ করার পরিকল্পনা গ্রহণ করেছেন। দেশের পররাষ্ট্রনীতির সমালোচনা করে জামায়াতের আইনবিষয়ক সম্পাদক জসিমউদ্দিন সরকার বলেন, গত দুই বছরে সরকার কার সঙ্গে কী চুক্তি করেছে, তা নিয়ে সংসদের ভেতরে-বাইরে একবারও আলোচনা করেনি। যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেন, বর্তমান সরকারের আমলে যেকোনো মন্ত্রীর চেয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এস টি ইমাম, তৌফিক-ই-ইলাহী চৌধুরীরা অনেক বেশি ক্ষমতাধর। অথচ তাঁরা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য নন।