সরকার পুলিশকে সন্ত্রাসের অস্ত্র হিসেবে ব্যবহার করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি কিংবা অন্য কোনো অঙ্গ সংগঠনকে পুলিশ সমাবেশ করতে দিচ্ছে না। লালদীঘি মাঠে পূর্বনির্ধারিত সমাবেশের জন্য আবেদন করেও অনুমতি মেলেনি। সরকার এভাবে গণতন্ত্রকে গৃহবন্দী করে রেখেছে। গণতন্ত্রের লেবাসে তারা ১/১১-এর চেয়ে ভয়াবহ কায়দায় দেশ চালাচ্ছে। মিছিল আর প্রতিবাদের অধিকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মর্জির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। সরকার পুলিশকে রাষ্ট্রীয় সন্ত্রাসের অস্ত্র হিসেবে ব্যবহার করছে।আজ শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘একের পর এক হত্যা, গুম ও অপহরণের ঘটনায় দেশের মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। সরকার দেশ চালাতে ব্যর্থ হয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর হামলা-মামলা দিয়ে নির্যাতনের পথ বেছে নিয়েছে। এ অবস্থায় আমরা ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবিলা করছি।’১৩ মে চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের সংঘর্ষ, বিএনপি-জামায়াতের কর্মীদের তিনটি গাড়ি পোড়ানো, শতাধিক গাড়ি ভাঙচুর, দোকানপাটে হামলা ও বিভিন্ন স্থানে ছিনতাইয়ের বিষয়েও তুলে ধরেন আমীর খসরু মাহমুদ। তিনি বলেন, ওই দিন বিএনপির মিছিল থেকে কিছু দুর্বৃত্ত গাড়ি পোড়ানো ও দোকানপাটে হামলার মতো ঘটনা ঘটিয়েছে। পুলিশ মিছিলে হামলা করার পর ওই দুর্বৃত্তরা সুযোগ পেয়েছে। তখন তারা এ অপকর্ম করেছে। পুলিশ যেহেতু আগেই কর্মীদের ওপর হামলা চালিয়েছে, তাই এই পুরো ধ্বংসাত্মক কর্মকাণ্ডের জন্য পুলিশই দায়ী।সংবাদ সম্মেলনে বলা হয়, ওই দিনের হামলায় পাঁচলাইশ ওয়ার্ড যুবদলের সহসভাপতি হুমায়ুন কবির মারা যান। অথচ এ ঘটনায় পুলিশ বিএনপি-জামায়াতসহ ১৮ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় ৩০৪ ধারা (হত্যা মামলা) অন্তর্ভুক্ত করার জন্য পুলিশ আদালতে আবেদন জানিয়েছে। জোটের নেতাদের বিরুদ্ধে করা মামলা অসংগতিপূর্ণ দাবি করে একাধিক উদাহরণ তুলে ধরেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মামলায় বাকলিয়ার যুবদলের মোহাম্মদ ইসমাইলকে আসামি করা হয়। অথচ তিনি দেড় বছর ধরে পক্ষাঘাত রোগে শয্যাশায়ী। কিছু নেতাকে দুই-তিনটি মামলায় আসামি করা হয়েছে। তাতে দেখা যায়, বিকেলে এক জায়গা থেকে গ্রেপ্তার করা কর্মীকে এক ঘণ্টা পর আরেক ঘটনায়ও আসামি করা হয়েছে। কোতোয়ালি থানায় ৩৯ নম্বর মামলায় পতেঙ্গা থানা জামায়াতের আমির মোহাম্মদ জাকিরকে ৩৪ নম্বর আসামি করা হয়। অথচ তিনি ৩০ এপ্রিল গ্রেপ্তার হন, জামিন পান ২০ মে। কারাগার থেকে ২১ মে মুক্তি পান। অর্থাত্ ১৩ মে তিনি কারাগারেই ছিলেন। যুবদলের নেতা লিটন মহাজন চার মাস আগে গ্রেপ্তার হয়ে টানা জেলে আছেন। অথচ তাঁকেও মামলার আসামি করা হয়েছে। শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর শামসুদ্দিন হেলালী ঘটনার দিন দেশের বাইরে ছিলেন। অথচ তিনিও পুলিশের মামলার আসামি। এতে প্রমাণিত হয়, মামলাগুলো মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত, বানোয়াট ও হয়রানিমূলক।অভিযোগ রয়েছে, ১৩ মে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা কর্মীরা ঢুকে গাড়ি ভাঙচুর, পোড়ানো ও অন্যান্য ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালায়। এর জবাবে আমীর খসরু বলেন, ‘বিএনপি অনেক শক্তিশালী সংগঠন। কারও সাহায্য নিয়ে আমাদের আন্দোলন করতে হয় না। তবে জামায়াত-শিবির তো এ দেশেরই রাজনৈতিক সংগঠন। সরকার তো তাদের নিষিদ্ধ করেনি। তবে তারা মিছিল-সমাবেশ করতে পারবে না কেন?’সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সহসভাপতি সামসুল আলম, আবু সুফিয়ান, সাবেক সাংসদ সৈয়দ ওয়াহিদুল আলম, রোজী কবির, বিএনপির নেতা মাহবুবুর রহমান, এ এম নাজিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় যুবদলের নেতা ইয়াছিন চৌধুরী প্রমুখ।