সরকার প্রতিপক্ষকে পৃথিবী থেকে সরানোর প্রকল্প নিয়েছে: মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ অতীতের মতো রাজনৈতিক প্রতিপক্ষকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে। তিনি বলেন, ‘আমরা এমন এক দেশে বসবাস করছি যেখানে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টির নিশ্চয়তা নেই। নির্বাচিত জনপ্রতিনিধিদের গোয়েন্দা বাহিনী তুলে নিয়ে যায়।’আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে চৌধুরী আলমের মুক্তি ও উদ্ধার পরিষদ আয়োজিত মানববন্ধন শেষে আয়োজিত সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন। প্রসঙ্গত, গত বছরের ২৫ জুন ঢাকা সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৌধুরী আলম নিখোঁজ হন।চৌধুরী আলমকে খুঁজে বের করার দাবি জানান মির্জা ফখরুল। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের উদ্যোগ নিয়ে সরকার দেশকে চরম নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। দেশে মানবাধিকার বলতে কিছু নেই। সরকার আইনের শাসন, বিচার বিভাগ, জাতীয় নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতাকে ধ্বংস করে দিয়েছে। তিনি চৌধুরী আলমের সন্ধানের দাবিতে এক দিনের হরতাল দেওয়ার ঘোষণা দেন।মানববন্ধনে ঢাকার মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকা, নগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন রমনা থানা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান তালুকদার। চৌধুরী আলমের স্ত্রী হাসিনা বেগম ও মেয়ে সমাবেশে উপস্থিত ছিলেন।