নিউইয়র্ক-ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, আওয়ামী লীগ সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও পুলিশ হেফাজতে নির্যাতন বন্ধ এবং বাকস্বাধীনতা নিশ্চিত করাসহ সামগ্রিক মানবাধিকার নিশ্চিতের যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণে ব্যর্থ হয়েছে। গতকাল সোমবার ‘ওয়ার্ল্ড রিপোর্ট-২০১১’ শিরোনামের বিশ্ব প্রতিবেদনের বাংলাদেশ অধ্যায়ে এইচআরডব্লিউ এ কথা বলেছে। ৬৪৯ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বিশ্বের মোট ৯০টি দেশ ও ভূখণ্ডের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।প্রতিবেদনে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর হেফাজতে থাকা ব্যক্তিদের ওপর নির্যাতন, সুশীল সমাজ ও গণমাধ্যমের ওপর আক্রমণ, পোশাক শ্রমিকদের হয়রানি ও তাঁদের ওপর দমন-পীড়ন চালানো, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের মামলা থেকে অব্যাহতি, নারী ও শিশু অধিকার, সীমান্ত হত্যা, দুর্নীতির মামলায় বৈষম্যমূলক নীতি অনুসরণ এবং শরণার্থীদের অবস্থা সম্পর্কে বিশদ বর্ণনা দেওয়া হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতা গ্রহণের পরপরই ২০০৮ সালের ডিসেম্বরে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি বা যেকোনো সংস্থার প্রতি তারা কোনো রকমের সহিষ্ণুতা (জিরো টলারেন্স) দেখাবে না। কিন্তু সরকার সে প্রতিশ্রুতি রাখেনি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে একের পর এক বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে থাকলেও সরকারকে তা প্রতিরোধে পদক্ষেপ নিতে দেখা যায়নি। এমনকি ২০১০ সালে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ‘ক্রসফায়ারে’ নিহত হওয়ার ঘটনায় র্যাবের দায় অস্বীকার করেন। র্যাবের দেওয়া তথ্য মতে ২০০৪ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত তাদের হাতে ৬২২ জনের মৃত্যু হয়েছে। তবে র্যাবের দাবি, তাঁরা সবাই ‘ক্রসফায়ারে’ নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা সবাই সন্ত্রাসী এবং র্যাবের ওপর হামলা করার পর আত্মরক্ষার্থে গুলি চালালে তাঁদের মৃত্যু হয়। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের দায়ে এখন পর্যন্ত র্যাবের একজন সদস্যেরও বিচার হয়নি।প্রতিবেদনে বলা হয়, সরকারের বিভিন্ন উচ্চপদে নারীরা থাকলেও বাংলাদেশে নারী নির্যাতন কমেনি। ২০১০ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৮৬ জন নারী এসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন। এ ছাড়া নারীহত্যা ও ধর্ষণের বহু ঘটনা ঘটেছে।দুর্নীতি মামলায় বৈষম্য প্রদর্শন প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, সরকারদলীয় বহু নেতা-কর্মীর মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করা হলেও একই ধরনের মামলা থেকে বিরোধী নেতা-কর্মীদের অব্যাহতি দিতে সরকারের পক্ষ থেকে সুপারিশ করা হয়নি।