সরকার বক্তব্য দিলে হরতাল প্রত্যাহারের বিষয়ে বিবেচনা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ শিক্ষানীতি নিয়ে বিভিন্ন আপত্তি ও দাবির বিষয়ে সরকারের আনুষ্ঠানিক বক্তব্য আহ্বান করেছে। তাদের বক্তব্যের বিষয়ে সরকার আনুষ্ঠানিকভাবে অবস্থান তুলে ধরলে পরিষদ আগামী রোববারের হরতাল প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করবে।গতকাল বৃহস্পতিবার পুরানা পল্টনে একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর মজুমদার এ কথা বলেন। তিনি বলেন, গত বুধবার প্রধানমন্ত্রীর সংস্থাপনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের সঙ্গে তাঁদের আলোচনা হয়েছে। সেখানে পরিষদের নেতারা হরতাল ডাকার কারণ ব্যাখ্যা করেন। তিনি জানান, পরিষদের নেতাদের দাবি-দাওয়া নিয়ে এইচ টি ইমাম প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে জানাবেন বলে জানিয়েছিলেন। কিন্তু এখনো কিছু জানানো হয়নি। এখন তাঁরা সরকারের কাছে একটি তথ্য বিবরণী দাবি করছেন। তথ্য বিবরণী দিলে হরতাল প্রত্যাহারের বিষয়টি তাঁরা জোরালোভাবে ভাববেন।পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী বলেন, বৈঠকে এইচ টি ইমাম তাঁদের কাছে জানতে চেয়েছিলেন, পরিষদের এই হরতাল ডাকার পেছনে জামায়াতের ইন্ধন আছে কি না। তাঁরা বলেছেন, এর পেছনে জামায়াত তো নয়ই, অন্য কোনো রাজনৈতিক দলের ইন্ধন নেই।আলমগীর মজুমদার বলেন, ‘শিক্ষামন্ত্রী হরতাল প্রত্যাহারের বিষয়ে বলেছেন। তিনি যদি আনুষ্ঠানিকভাবে আমাদের ডেকে বলতেন, আসুন কোথায় সমস্যা আছে চিহ্নিত করি, তাহলে তা করা যেত। কিন্তু সরকার তা না করে বলছে আমরা যুদ্ধাপরাধী। ন্যায়সংগত দাবি জানালেই তারা বলে, আমরা রাজাকার, যুদ্ধাপরাধী।’ পরিষদ ৮ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে হরতাল ডেকেছিল। এরপর পরিষদ সরকারের সঙ্গে তাদের দাবি-দাওয়া নিয়ে দুই দফা আলোচনা করে। ইসলামের নামে হরতাল ডাকা প্রতারণা: সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের হরতাল ডাকার সমালোচনা করেছে ধর্মভিত্তিক সংগঠন ওলামা মাশায়েখ সংহতি পরিষদ। তারা বলেছে, হরতালে শ্রমজীবী-কর্মজীবী মানুষের কষ্ট হয়। এ কারণে ইসলাম কোনোভাবেই হরতালের মতো কোনো কর্মসূচি অনুমোদন করে না। কাজেই ইসলামের নামে হরতাল ডাকা প্রতারণা মাত্র।গতকাল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংহতি পরিষদের নেতারা আইন করে হরতাল নিষিদ্ধ করার ও মানবতাবিরোধী অপরাধের বিচার ত্বরান্বিত করার দাবি জানান।লিখিত বক্তব্যে পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল কাইয়ুম খান বলেন, হরতাল-অবরোধের বিষয়ে দেশের জনগণ কখনো একমত হয় না। জনগণকে ইচ্ছার বিরুদ্ধে যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ রাখতে হয়। কল-কারখানায় কর্মরত ও অন্যান্য শ্রমজীবী মানুষের উপার্জন বন্ধ হয়ে যায়। এভাবে মানুষের ক্ষতি করা ইসলামে বৈধ নয়। কাজেই ইসলামে অনিবার্য কারণেই হরতাল নিষিদ্ধ।সংহতি পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ বলেন, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের মধ্যে এমন লোক আছেন, যাঁদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আছে। এ ধরনের লোকেরা ইসলামের নামে হরতাল আহ্বান করেছেন। যেখানে ইসলাম হরতাল সমর্থন করে না, সেখানে ইসলামের নামে হরতাল আহ্বান করা প্রতারণা ছাড়া আর কিছুই নয়।সংহতি পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতি কেফায়েত উল্লাহ্ বলেন, ‘আমরা চাই দেশের সবাই ধার্মিক হোক। কিন্তু ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে দেশ রক্ষা পাক।’