সরকার বর্তমান মেয়াদেই ঢাকায় মেট্রো রেলের কাজ শুরু করতে চায়: যোগাযোগমন্ত্রী
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, ঢাকা মহানগরের যানজট নিরসনের জন্য বর্তমান সরকার তাঁদের মেয়াদকালেই মেট্রো রেল ও উড়াল সড়কের কাজ শুরু করতে চায়। তিনি রাজধানীর একটি হোটেলে জাপানের উন্নয়ন সহযোগিতা সংস্থা (জাইকা) ও যোগাযোগ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে রাজধানী ঢাকার নগর পরিবহনবিষয়ক এক কর্মশালায় এ কথা বলেন।যোগাযোগমন্ত্রী বলেন, ঢাকা শহরের যানজট নিরসনে বিভিন্ন পরিকল্পনা নানা ধরনের আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে। তিনি ঢাকায় প্রস্তাবিত মেট্রো রেলের অর্থায়নে জাইকার কালক্ষেপণে হতাশা ব্যক্ত করেন। তিনি জাইকাকে আগামী মার্চের মধ্যে মেট্রো রেলের সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন সরকারের কাছে পেশ করার তাগাদা দিয়ে বলেন, মার্চের মধ্যে মেট্রো রেলের সম্ভাব্যতা যাচাইয়ের প্রতিবেদন দিতে জাইকা ব্যর্থ হলে সরকার মেট্রো রেলের জন্য সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে (পিপিপি) দরপত্র আহ্বান করবে। তিনি ঢাকা শহরে ভারতের দিল্লির আদলে ভূমির ওপর ও নিচ—উভয় জায়গা দিয়ে চলাচলের উপযোগী মেট্রো রেল স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।যোগাযোগমন্ত্রী আরও বলেন, ‘আমরা ইতিমধ্যেই ঢাকায় উড়াল সড়কের জন্য প্রাকসম্ভাব্যতা যাচাইয়ের দরপত্র আহ্বান করেছি। আমাদের কোনো ব্যাপারেই কালক্ষেপণের কোনো সুযোগ নেই। সরকার এ বছরের মধ্যেই ঢাকায় মেট্রো রেল ও উড়াল সড়কের কাজ শুরু করে দিতে চায়।’ভারতের দিল্লি মেট্রো রেল সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ই শ্রীধরন কর্মশালায় মেট্রো রেলের বিভিন্ন দিক উপস্থাপন করেন। তিনি বলেন, যানজট নিরসনে ঢাকায় দিল্লির আদলে মেট্রো রেল তৈরি করার কোনো বিকল্প নেই। এতে ভূমির ওপরে ও নিচে উভয় জায়গা দিয়েই ট্রেন চলাচলের ব্যবস্থা থাকবে। মেট্রো রেল তৈরি করতে খরচও তুলনামূলক কম। শ্রীধরন একটি পরিসংখ্যান উল্লেখ করেন, প্রতি ১৮ কিলোমিটার মেট্রো রেলের লাইন তৈরি করতে খরচ পড়বে ১৯ হাজার কোটি টাকা। কিন্তু প্রতিদিন ঢাকায় যানজটের কারণে অপচয় হচ্ছে গড়ে পঞ্চাশ লাখ টাকা।অনুষ্ঠানে পরিবহন বিশেষজ্ঞরা বলেন, মেট্রো রেলের জন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলো অর্থায়নে কখনই আগ্রহ দেখায় না। সে ক্ষেত্রে সরকার বিদেশি অর্থায়নে মেট্রো রেলের পথটি তৈরি করে দিতে পারে। কিন্তু ট্রেন চলাচলের (অপারেশন) দায়িত্ব দেওয়া যেতে পারে বেসরকারি বিনিয়োগকারীদের। এত বড় প্রকল্প কখনই পুরোপুরি বেসরকারি খাতে দেওয়া সম্ভব নয়।