সরকার বাধ্য করলে বিএনপি হরতাল দেবে : মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাধ্য হলে হরতালের মতো কঠোর কর্মসূচি দেবে বিএনপি। তবে তিনি বলেন, বিএনপি সরকারকে সহযোগিতাই করতে চেয়েছে।জিয়া শিশু-কিশোর সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।এদিকে বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের বিএনপির নেতা জাকির হোসেনের মৃত্যুতে আজ বাদ জুমা সারা দেশে গায়েবানা জানাজা কর্মসূচি পালন করে বিএনপি। কাল শনিবার জেলায় জেলায় বিক্ষোভ মিছিল করবে বিএনপি।মির্জা ফখরুল বলেন, বিএনপি সরকারকে সহযোগিতা করতে চেয়েছে। এ জন্য গত ১৬ মাসে হরতাল-অবরোধের মতো কোনো কর্মসূচি দেওয়া হয়নি। কিন্তু সরকার বিরোধী দলের সহযোগিতাকে সুযোগ বলে ধরে নিয়েছে। বিরোধী দলকে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দিচ্ছে না। সরকার বাধ্য করলে হরতালের মতো কর্মসূচি দিতে বাধ্য হবে বিএনপি।সিলেটে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজনের নিহত হওয়ার ঘটনা সম্পর্কে বিএনপির নেতা বলেন, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। বিএনপির মতো বড় দলে এ ধরনের ঘটনা বিচ্ছিন্নভাবে ঘটতে পারে। এ ব্যাপারে দলীয়ভাবে পদক্ষেপ নেওয়া হবে।খালেদা জিয়া কালো টাকা সাদা করেছেন, এর জবাব তাঁকে দিতে হবে—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, যা করা হয়েছে, নিয়ম মেনে করা হয়েছে। জবাব শুধু বিএনপিকে নয়, সবাইকে দিতে হবে।এদিকে আজ বিকেলে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে শেখ হাসিনার বক্তব্যকে অসংলগ্ন, আপত্তিকর, মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার বিরোধী দলের ওপর দোষ চাপাচ্ছে।