সরকার বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করছে
সরকার বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় খন্দকার মোশাররফ এই অভিযোগ করেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ওই আলোচনা সভার আয়োজন করে।খন্দকার মোশাররফ বলেন, ‘জিয়াউর রহমান এবং তাঁর দলকে ভয় পায় আওয়ামী লীগ। এ জন্য তারা বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। “মিথ্যা মামলায়” খালেদা জিয়ার বিরুদ্ধে আদালত অভিযোগপত্র গ্রহণ করেছে। নেতাদের নামে “মিথ্যা মামলা” দেওয়া হচ্ছে। দলের ভারপ্রাপ্ত মহাসচিবকে একের পর এক মামলায় জড়ানো হচ্ছে।’খন্দকার মোশাররফ দাবি করেন, ‘আওয়ামী লীগ যে আচরণ করছে, তাতে বিএনপি না থাকলে ৭৫-এর মতো আবারও তারা বাকশাল গঠন করতো।’তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘ভালোয় ভালোয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল না করলে জনগণ সরকারকে তা করতে বাধ্য করবে।’ড্যাবের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, ড্যাবের সাধারণ সম্পাদক এ জেড এম জাহিদ হোসেন, চলচ্চিত্র-নির্মাতা চাষী নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।