সরকার বিএনপিকে ভাঙার চেষ্টা করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের পায়ের তলায় মাটি নেই, তাই তারা বিএনপিকে ভাঙার চেষ্টা করছে। গতকাল বুধবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি প্রশ্ন করেন, ‘আওয়ামী লীগ কি রাজনৈতিকভাবে এতই দেউলিয়া হয়ে গেছে যে তাদের অন্য দল থেকে নেতা ভাগিয়ে নিতে হবে?’ খালেদা জিয়ার কারামুক্তির তৃতীয় বার্ষিকীতে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্রদল এ সমাবেশের আয়োজন করে।মির্জা ফখরুল অভিযোগ করেন, পত্রিকায় খবর বেরিয়েছে, বিএনপিকে ভাঙার তৎপরতা চলছে। আসলে বিএনপির দলীয় ঐক্যে ফাটল ধরাতে একটি মহল বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া গৃহবধূ থেকে রাজনীতিতে এসে গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রাম করেছেন। কখনোই বিদেশের কাছে মাথানত করেননি। এক-এগারোর সময় তাঁকে কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। কিন্তু তাঁর লড়াই বন্ধ করা যায়নি। তিনি বলেন, ‘আমাদের দেশের আরেক নেত্রী আছেন, যাঁকে তাঁর দলের লোকেরা আদর করে গণতন্ত্রের মানসকন্যা বলেন। তিনি অবৈধ সরকারের সঙ্গে আপস করে বিদেশে চলে গিয়েছিলেন।’বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘কয়েক দিন ধরে উইকিলিকসের রিপোর্ট প্রকাশ শুরু হয়েছে। এই উইকিলিকসের তথ্য কোথা থেকে আসে তা বিএনপি জানে। উইকিলিকসের তথ্য রূপকথার গল্পের মতো।’ ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান, আমান উল্লাহ, রুহুল কুদ্দুস তালুকদার, আবদুস সালাম, খায়রুল কবির, নাজিম উদ্দিন আলম, মহিলা দলের শিরিন সুলতানা, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান প্রমুখ। জিয়া ফ্রন্টের প্রতিবাদ: গতকাল প্রথম আলোতে ‘বিএনপি ভাঙতে তৎপরতা’ শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ করেছে জাতীয়তাবাদী জিয়া ফ্রন্ট নামের একটি সংগঠন। সংগঠনটির দাবি, বিএনপি ভাঙার কোনো ধরনের ইচ্ছা ও উদ্দেশ্য তাদের নেই।সংগঠনের আহ্বায়ক আকবর আমিনের সই করা প্রতিবাদপত্রে বলা হয়, ‘বিএনপির স্থায়ী কমিটির একজন সাবেক সদস্য ও সাবেক মন্ত্রীকে দিয়ে সম্প্রতি জিয়া নাম ব্যবহার করে সংগঠন করা হয়েছে’ বলে যে তথ্য প্রকাশিত হয়েছে, তা আদৌ সঠিক নয়।প্রতিবেদকের বক্তব্য: প্রকাশিত সংবাদের কোথাও বলা হয়নি জাতীয়তাবাদী জিয়া ফ্রন্ট বিএনপিকে ভাঙতে চেষ্টা করছে। এমনকি এ সংগঠন বা এর কোনো নেতা সম্পর্কেও কিছু বলা হয়নি। আর ‘জিয়া’র নাম ব্যবহার করে ৩০টির বেশি সংগঠনের অস্তিত্ব রয়েছে। জাতীয়তাবাদী জিয়া ফ্রন্ট কেন মনে করল, সংবাদে তাদের কথা বলা হয়েছে, তা বোধগম্য নয়।