সরকার বিকল্প উৎস খুঁজছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, পদ্মা সেতুর অর্থায়নে বিশ্বব্যাংকের আবার ফিরে আসার মতো অবস্থা হয়তো সৃষ্টি হয়েছে। কিন্তু সরকার এখন বিকল্প উৎস খুঁজছে। কারণ বিশ্বব্যাংক অর্থায়ন করলে এখন আর লুটপাট করা যাবে না। আর তাই অর্থমন্ত্রী খেপেছেন। এতে দেশের ক্ষতি হচ্ছে এবং দেশের বাইরেও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় এম কে আনোয়ার এসব কথা বলেন। সাংবিধানিক অধিকার ফোরাম নামের একটি সংগঠন এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।আলোচনায় শেয়ারবাজার কেলেঙ্কারি, পদ্মা সেতু দুর্নীতি ও হলমার্ক কেলেঙ্কারির কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, দেশে এখন দুর্নীতির সহায়ক পরিবেশ সৃষ্টি হয়েছে। সরকারই এ আবহ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন তিনি।বর্তমান সরকার সংসদসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে—এমন অভিযোগ তুলে এম কে আনোয়ার বলেন, এ সংসদে চলছে প্রধানমন্ত্রীর অবিরাম মিথ্যাচার। প্রধানমন্ত্রী যেসব কথা বলেন, এর বেশির ভাগই মিথ্যা ও তথ্যবিবর্জিত। প্রধানমন্ত্রী সংসদে অত্যন্ত নিম্ন রুচির ভাষা ব্যবহার করেন বলেও অভিযোগ করেন তিনি।