সরকার বিচার বিভাগকে প্রভাবিত করছে: মির্জা ফখরুল
সরকার বিচার বিভাগকে প্রভাবিত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাইকোর্টের রায়ের পর অ্যাটর্নি জেনারেল ‘হ্যাঁ’ না বললে রায় কার্যকর হচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, ‘বিচার বিভাগের ওপর সরকারের এমন হস্তক্ষেপের কারণে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।’ যুক্তরাজ্য বিএনপির সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মির্জা ফখরুল এমন মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ থেকে প্রকাশিত তথ্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের আমলে বাংলাদেশে ১৫৪টি বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহে আটক ৫৪ জন বিডিআর হত্যা ও তিনজন সাংবাদিক হত্যার ঘটনা ঘটছে। এই তথ্য প্রমাণ করে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। সরকার একদলীয় শাসনব্যবস্থা চালু করতে চায় বলেও তিনি অভিযোগ করেন। সরকার টেলিভিশন চ্যানেলের টকশো বন্ধ করে গণমাধ্যমের কণ্ঠ রুদ্ধ করতে চায় বলেও তিনি মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, জিয়াউর রহমানের নাম মুছে ফেলে বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্রে মেতেছে সরকার। তিনি এ ষড়যন্ত্র রুখে দিতে প্রবাসে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সম্মেলনে ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি কমরউদ্দীন, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়া মনিরুল আলম ছাড়াও যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলের কাউন্সিলরা বক্তব্য দেন। সম্মেলনে প্রায় দেড় হাজার নেতা-কর্মী অংশ নেয়।