সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার কোনো ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না। এ জন্য বিচারবহির্ভূত যেকোনো হত্যাকাণ্ডের ক্ষেত্রে নিয়ম মোতাবেক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বিএনপির সাংসদ মাহবুব উদ্দিন খোকনের এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ কথা বলেন। বিরোধী দল বিএনপি সংসদে না এলেও তাদের সাংসদেরা নিয়মিত প্রধানমন্ত্রী ও মন্ত্রীকে লিখিত আকারে প্রশ্ন করে থাকেন।এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, সর্বোচ্চ আদালতের প্রতি বর্তমান সরকার শ্রদ্ধাশীল। যেকোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ক্ষেত্রে নিয়ম মোতাবেক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সর্বোচ্চ আদালতের প্রতি শ্রদ্ধা রেখে সরকার হাইকোর্টের রায় বাস্তবায়নে অত্যন্ত আন্তরিক রয়েছে।সাহারা খাতুন বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার কোনো ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মানুষ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রত্যক্ষ করেছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ যেকোনো ধরনের বেআইনি হত্যাকাণ্ড বন্ধ করে দেশের আইনশৃঙ্খলার উন্নয়ন এ সরকারের নির্বাচনী অঙ্গীকার।এক সম্পূরক প্রশ্নে মোস্তফা জালাল মহিউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, জোট সরকারের সময়ে তাঁর নির্বাচনী এলাকায় নিয়োগ পাওয়া পুলিশের উপপরিদর্শকদের (এসআই) সরিয়ে নেওয়া হবে কি না? এই প্রশ্নের জবাবে সাহারা খাতুন বলেন, সুনির্দিষ্টভাবে কোনো পুলিশ কর্মকর্তার বিষয়ে অভিযোগ এলে তাঁকে সরিয়ে নেওয়া হবে।