আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক ও বেলজিয়াম-প্রবাসী আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের স্কাইপির মাধ্যমে কথোপকথন ফাঁস হওয়ার ঘটনায় সরকার বিব্রত। মানবতাবিরোধী অপরাধের বিচার চলবে। এ থেকে সরকার পিছপা হবে না।সরকারের একাধিক নীতিনির্ধারক প্রথম আলোকে বলেন, যুদ্ধাপরাধের মতো সংবেদনশীল ও স্পর্শকাতর বিষয়ের বিচারপ্রক্রিয়া নিয়ে সতর্কতার সঙ্গে আলোচনা করা উচিত ছিল। তাঁরা মনে করেন, যুদ্ধাপরাধের বিচার বানচাল করার জন্য শুরু থেকেই দেশি-বিদেশি ষড়যন্ত্র আছে। এমন একটা বিষয়ে অগ্রসর হতে গেলে বাধা-বিপত্তি আসাটাই স্বাভাবিক। এটা অন্যান্য মামলার মতো নয়। এখানে সতর্কতার কোনো বিকল্প নেই। নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ মন্ত্রী বলেন, ঘটনাটি বিব্রতকর। প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকা উচিত। তবে এটি সম্পূর্ণ ট্রাইব্যুনালের বিষয়। এখানে সরকারের কিছু করার নেই। রাষ্ট্র যুদ্ধাপরাধের বিচার চায়। বিচারপতি নিজামুল হক ও আহমেদ জিয়াউদ্দিনের এই কথোপকথন কেউ হ্যাক করেছে। তাঁদের প্রায় ১৭ ঘণ্টার আলাপচারিতার রেকর্ড লন্ডনভিত্তিক সাময়িকী ইকনোমিস্ট পায়। দেশের একটি দৈনিক পত্রিকা এটি প্রকাশ করেছে।সরকারের সূত্র বলছে, যুদ্ধাপরাধের বিচার নিয়ে ষড়যন্ত্র ছিল, থাকবে; কিন্তু বিচার চলবে। স্কাইপির মাধ্যমে কথোপকথন ফাঁস হওয়ার ঘটনার প্রভাব বিচারপ্রক্রিয়ায় পড়বে না। এমনকি বিচারককে সরানোরও কোনো সম্ভাবনা নেই।আইনমন্ত্রী শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, রায় হবে সাক্ষী-প্রমাণের ভিত্তিতে। কী কথাবার্তা হয়েছে, কী ফাঁস হয়েছে, তা নিয়ে হইচই করার কিছু নেই। রায় প্রভাবান্বিত হওয়ার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, যুদ্ধাপরাধের বিচার বাংলাদেশে একেবারেই নতুন। সুতরাং বিচারপ্রক্রিয়া নিয়ে আলোচনা-পরামর্শ হতেই পারে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গোপনীয়তা ফাঁস করায় ট্রাইব্যুনাল কী ব্যবস্থা নেয়, তা তাদের বিষয়।কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘সরকার জনগণের পক্ষ থেকে যুদ্ধাপরাধের বিচার চায়। এটা পরিমিত দাবি। আমরা জনসমক্ষেই এ দাবি করছি। এটা গোপন কিছু নয়। এখানে সীমা লঙ্ঘনও হয়নি।’