সরকার বৈধ না হলে বিরোধীদলীয় নেতাও অবৈধ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সর্বজনগ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে অবৈধ বলার কোনো সুযোগ নেই। বর্তমান সরকার অবৈধ হলে বিরোধীদলীয় নেতা ও তার দলীয় সাংসদেরা কীভাবে বৈধ হন? তাহলে কি তাঁরা অবৈধভাবে সংসদে রয়েছেন?আজ বুধবার বিকালে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির মুজিবুল হকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে প্রশ্নোত্তরপর্ব টেবিলে উপস্থাপিত হয়।প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধীদলীয় নেতা একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের ব্যাপারে যে ভাষায় কথা বলেছেন তা অগ্রহণযোগ্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তবে এ ধরনের অমার্জিত বক্তব্য ও মন্তব্য থেকে যেকোনো নেতা-নেত্রীর বিরত থাকা উচিত। ওই নির্বাচনে বিজয়ী হয়ে বিরোধীদলীয় নেতা হিসেবে তিনি বর্তমান সংসদে রয়েছেন। তাহলে আমার প্রশ্ন তিনি ও তাঁর দলীয় সংসদ সদস্যরা কি বর্তমান সংসদে অবৈধভাবে রয়েছেন? বেতন-ভাতা, গাড়ি-বাড়ি ভোগ ও বিদেশ ভ্রমণ করছেন, তাও কি অবৈধভাবে?’প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগণের ভোটে নির্বাচিত এ সরকার অবৈধ নয়, অবৈধ ও অসাংবিধানিক ছিল জিয়াউর রহমানের ক্ষমতা দখল।শেখ হাসিনা বলেন, যে নির্বাচনের মাধ্যমে মহাজোট সরকার ক্ষমতা গ্রহণ করেছে, তা দেশে বিদেশে সর্বমহলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে মর্মে প্রশংসিত হয়েছে। দেশি-বিদেশি অসংখ্য পর্যবেক্ষক সেই নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। আর এ নির্বাচনের ব্যাপারে কোনো মহল থেকে কোনো ধরনের প্রশ্ন ওঠেনি। সর্বজনগ্রহণযোগ্য ওই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বর্তমান মহাজোট সরকার আইন ও সংবিধান অনুসারে জনগণের জন্য কাজ করে যাচ্ছে।খালেদা জিয়ার প্রতি প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী আরও বলেন, রাস্তাঘাট, পুল-ব্রিজ, হাসপাতাল, কৃষকদের ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট, সারের দাম তিন দফা হ্রাস, বিদ্যুত্ প্ল্যান্ট, গ্যাসের কূপ খনন ও গ্যাস উত্তোলন, গ্যাস পাইপলাইন স্থাপন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, মাথাপিছু আয় বৃদ্ধি, কমিউনিটি ক্লিনিক ও হাসপাতাল নির্মাণ, স্কুলে বিনামূল্যে বই বিতরণ, মাধ্যমিক পর্যায়ে ইন্টারনেট সংযোগ ও কম্পিউটার প্রদান ইত্যাদি কি অবৈধ, বাতিল করবেন?