সরকার বোবা ও বধির: আন্না
দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণাকারী ভারতের আলোচিত সমাজকর্মী আন্না হাজারে বলেছেন, সরকার বোবা ও বধির হয়ে গেছে। আজ রোববার বেলা ১১টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নতুন করে দিনব্যাপী অনশন শুরুর প্রাক্কালে তিনি এ কথা বলেন। লোকসভায় লোকপাল বিল পাস এবং দেশ ও সমাজ রক্ষায় নিবেদিত মানুষের নিরাপত্তার জন্য একটি শক্তিশালী পদক্ষেপ নেওয়ার দাবিতে তিনি এই অনশন কর্মসূচির ডাক দিয়েছেন। টাইম নিউজ নেটওয়ার্কের খবরে এ কথা বলা হয়েছে।খবরে বলা হয়, ভারতের যন্তর-মন্তরে আজ রোববার আন্না তাঁর দলবল নিয়ে অনশনে যাওয়ার আগে সাংবাদিকদের বলেন, সরকার জনগণের ইচ্ছা-অনিচ্ছার সঙ্গে সংবেদনশীল নয় এবং সমাজ ও দেশের জন্য যাঁরা প্রতিনিয়ত সংগ্রাম করছেন, তাঁদের জন্যও সরকার কিছু করছে না। ইতিমধ্যে সরকার দুর্নীতির বিরুদ্ধে নিবেদিত জনতার সুরক্ষার বিষয়টির একাংশ লোকপাল বিলের চূড়ান্ত খসড়া থেকে বাদ দিয়েছে। দুর্নীতিবিরোধী কাজ করতে গিয়ে নিহত এস মঞ্জুনাথ ও অমিত জেঠোয়ার পরিবারের লোকজনও আন্নার অনশনস্থলে যেতে পারে। সাংবাদিকদের আন্না বলেন, ‘এক দিনের অনশনের জন্য আজ আমরা জন্তর-মন্তর যাচ্ছি। দুর্নীতির বিরুদ্ধে লড়াইকারীরা একে একে জীবন দিচ্ছেন; অথচ সরকার তাঁদের রক্ষায় কিছুই করছে না।’ কিছুদিন আগে মধ্য প্রদেশে অবৈধভাবে খনির পাথর বহনকারী একটি ট্রলির পথ রোধ করতে গিয়ে দুর্বৃত্তদের হাতে নরেন্দ্র কুমার নামে এক আইপিএস কর্মকর্তা খুন হন। এ ঘটনা উল্লেখ করে আন্না বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের এ ধরনের লড়াই সরকার দেখতে পাচ্ছে না। সরকার যেন অন্ধ হয়ে গেছে। এসব মানুষের পরিবার অঝোরে কাঁদছে, সরকার তাদের দুঃখ-দুর্দশার কথা শুনছে না। সরকার যেন বধির হয়ে গেছে। আন্না প্রশ্ন করেন, ‘সরকার কাদের জন্য আছে?’ বড়সড় আন্দোলনের ডাক দিয়ে আন্না বলেন, আন্নার দল সারা দেশ সফর করবে আর মানুষকে বলবে, সরকারের লোকপাল বিলটি অকেজো ও মূল্যহীন।দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এ পর্যন্ত ২৫ জনের প্রাণহানি ঘটেছে। এ ধরনের দেশপ্রেমিক মানুষদের রক্ষায় একটি আইন করার জন্য সরকারকে চাপ দিচ্ছেন আন্না। দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে যাঁরা মৃত্যুবরণ করেছেন, তাঁদের হত্যার তদন্তও শুরু করেনি সরকার। এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, আন্নার অনশন কর্মসূচি সামনে রেখে জন্তর-মন্তরে এক হাজারেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হবে। এদিকে সংঘবদ্ধ মাফিয়া চক্র বা সন্ত্রাসী হামলায় কয়েকজন সত্ কর্মকর্তা নিহতের ঘটনায় আন্নার দলকে শর্তসাপেক্ষে প্রতিবাদ করার অনুমতি দিয়েছে দিল্লির পুলিশ। ৭৪ বছর বয়সী আন্না গত ডিসেম্বরে অসুস্থতার কারণে শক্তিশালী লোকপাল বিলের দাবিতে মুম্বাইয়ে তিন দিনব্যাপী অনশন কর্মসূচি প্রত্যাহার করে নেন। তারপর আজ আবার তিনি অনশন কর্মসূচি পালন করতে যাচ্ছেন।