সরকার ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা অব্যাহত রাখবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে বর্তমান সরকার ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা দেওয়া অব্যাহত রাখবে। আজ রোববার ঢাকা শিল্প ও বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি আসিফ ইব্রাহীমের নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করতে গেলে তিনি এ কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান সরকারকে ব্যবসায়ীবান্ধব সরকার উল্লেখ করে বলেন, ‘এখন আর হাওয়া ভবনের পাওনা মিটিয়ে ব্যবসায়ীদের ব্যবসা করতে হয় না। ব্যবসায়ীরা সম্পূর্ণ স্বাধীনভাবে ব্যবসা করছেন। আমাদের সরকার নিজে ব্যবসা করে না। আমরা দেশের কল্যাণে ব্যবসায়ীদের সুযোগ সৃষ্টি করেছি।’প্রধানমন্ত্রী আসন্ন রমজান মাসের কথা উল্লেখ করে বলেন, রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে মানুষের কষ্ট হয়। তিনি রমজানে দ্রব্যমূল্য না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। ব্যবসায়ীরা এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন।ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতারা পিপিপির আওতায় ব্যক্তি খাতকে সম্পৃক্ত করা, কৃষি খাতের উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ইস্যুতে নেতৃত্ব প্রদান, যুগোপযোগী শিক্ষানীতি গ্রহণ, বিনা মূল্যে বই বিতরণ, ই-গভর্নেন্স, নারী উন্নয়ন নীতিমালা ও বৈশ্বিক সহযোগিতা জোরদারসহ প্রধানমন্ত্রীর নেওয়া বিভিন্ন কর্মসূচির প্রশংসা করেন। তাঁরা প্রধানমন্ত্রীর গৃহীত বলিষ্ঠ কর্মসূচির জন্যও তাঁকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামে গ্যাস পাওয়ার কথা ব্যবসায়ীদের জানিয়ে বলেন, এটা দেশের জন্য খুবই সুসংবাদ। তিনি অন্যান্য যেসব স্থানে গ্যাস অনুসন্ধান করা হচ্ছে, সেসব স্থানেও গ্যাস পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। বাণিজ্যমন্ত্রী ফারুক খান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান ও প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন। বাসস।