বর্তমান সরকারকে সব দিক থেকে ব্যর্থ আখ্যা দিয়েছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। তাঁদের ভাষায়, এই সরকারকে বিদায় করে জাতীয়তাবাদী শক্তির সরকার প্রতিষ্ঠিত করতে না পারলে জনগণের মুক্তি নেই।আজ বুধবার বিকেলে পল্টন ময়দানে বিএনপির মহাসমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্যরা এ কথা বলেন। তাঁরা আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটানোর অঙ্গীকার করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁরা মিথ্যাবাদী, প্রতারক ও বিশ্বাসঘাতক বলে আখ্যা দেন। সরকারি দলের ক্যাডার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমাবেশে আসার পথে বিএনপির নেতা-কর্মীদের বাধা দিয়েছেন বলেও নেতারা অভিযোগ করেন।সভাপতির বক্তব্যে ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা বলেন, ‘বর্তমান সরকার নিজেদের গণতান্ত্রিক বলে দাবি করে। ভেবেছিলাম, তারা সমাবেশে আসতে বাধা দেবে না। কিন্তু তাদের চরিত্র একটুও পরিবর্তিত হয়নি। এ কারণেই বিএনপির নেতা-কর্মীদের জায়গায় জায়গায় বাধা দেওয়া হয়েছে।’বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, এই সরকার জনসমর্থনহীন হয়ে পড়েছে। গণ-অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের বিদায়ঘণ্টা বাজানো হবে।খোন্দকার মোশাররফ হোসেন বলেন, এই সরকারের প্রধানমন্ত্রী একজন মিথ্যুক, প্রতারক ও বিশ্বাসঘাতক। দেশের মানুষ সরকারের প্রতি বিক্ষুব্ধ। সরকার সব ক্ষেত্রে ব্যর্থ। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত করছে তারা। জনগণ এই সরকারকে আর দেখতে চায় না।মওদুদ আহমদ বলেন, ‘প্রধানমন্ত্রীর দুর্নীতি মামলা বাতিল করে আমাদের নেত্রী ও সবার বিরুদ্ধে নতুন নতুন মামলা হচ্ছে। এখন ছাত্রলীগের কর্মীদের বাসের টিকিট লাগে না। অবাধে চলছে ক্রসফায়ার। প্রতিদিন ক্রসফায়ারে ২৫ জন করে মানুষ মৃত্যুবরণ করছে। আর দলীয়করণ করে প্রশাসনকে মেধাশূন্য করে দেওয়া হয়েছে। এ জন্য ভবিষ্যতে সরকারের পক্ষে দেশ চালানোই কঠিন হয়ে পড়বে।’লে. জেনারেল (অব.) মাহাবুবুর রহমান বলেন, মিথ্যার ওপর প্রতিষ্ঠিত কোনো জিনিস স্থায়ী হতে পারে না। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচন মিথ্যার ওপর প্রতিষ্ঠিত। সরকার প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থ।তরিকুল ইসলাম প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘আপনি কোনো সমস্যার সমাধান করতে পারছেন না। সব সমস্যাকে জটিল করছেন। জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করে নির্বাচন দিয়ে প্রমাণ করুন এখনো আপনি জনগণের প্রিয় নেত্রী।’এম কে আনোয়ার সরকারকে উদ্দেশ করে বলেন, দরপত্র ছাড়া বিদ্যুেকন্দ্র করার চেষ্টা করবেন না। দেশের মানুষ এর বিচার করবে।জমিরউদ্দিন সরকার বলেন, খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে যত মামলা আছে, তার সবগুলো প্রত্যাহার করতে হবে।মির্জা আব্বাস বলেন, সরকার দিনপরিবর্তনের কথা বলেছে। কিন্তু বাংলাদেশের মানুষ এখন শুধু একটা পরিবর্তনই চায়, সেটি হলো সরকারের পরিবর্তন।গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ নাকি চাকরি করতে চান। যারা মইনকে চাকরি দেবে, তাদের বিচার করা হবে। এখন আদালত আর দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধানমন্ত্রীকে ধবধবে করার দায়িত্ব নিয়েছে। কিন্তু কেউ আইনের বাইরে গিয়ে কিছু করলে তাদের একদিন জবাব দিতে হবে।আবদুল মঈন খান বলেন, সরকার বলেছিল, তারা দিন বদল করবে। কিন্তু দিনবদলের নামে তারা নাম বদল করছে। তারা জনগণকে দিয়েছে সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমিদস্যুতা। মহাসমাবেশের সমন্বয়কারী নজরুল ইসলাম খান বলেন, দেশের বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে।সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, এ দেশে এখন প্রতারণার রাজনীতি চলছে। লগি-বৈঠার মাধ্যমে যারা এ দেশের ক্ষমতা দখল করেছেন, তাদের পতন হয়তো লগি-বৈঠার মাধ্যমেই হবে। সুষ্ঠুভাবে হয়তো এদের পতন হবে না।বিএনপির স্থায়ী কমিটির সদস্য সারোয়ারি রহমান, সহসভাপতি নাজমুল হুদা, শাহ মোয়াজ্জেম হোসেন, আবদুল্লাহ আল নোমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ সমাবেশে বক্তব্য দেন।