সরকার ব্যস্ত বড় প্রকল্প নিয়ে পুলিশ আছে দড়ি-বাঁশ নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে যানজট নিরসনে সরকারের নেওয়া প্রায় সব উদ্যোগই ব্যর্থ হয়েছে। বর্তমান সরকার শুরু থেকেই ব্যস্ত মেট্রোরেল ও উড়াল সড়কের মতো বড় বড় প্রকল্প নিয়ে। কিন্তু গত চার বছরে তারা এসব প্রকল্পের কোনো কিনারা করতে পারেনি। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশ বিভিন্ন ব্যস্ত সড়কে দড়ি-বাঁশ ও লোহার রড দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে যানজট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে পুলিশের এ রকম অন্তত ১০টি জোড়াতালির উদ্যোগ যানজট কমাতে পারেনি। বরং যতই দিন যাচ্ছে, এ সমস্যা আরও তীব্র হচ্ছে। এর মধ্যে নগরে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের মিছিল-সমাবেশ বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচল বেশি হলে ওই দিন ঢাকা অনেকটা অচল হয়ে পড়ে।গত ৬ আগস্ট বিকেলে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ঘটা করে রাজধানীর বাংলামোটর, কারওয়ানবাজর ও ফার্মগেট এলাকার যানজট পরিদর্শনে নামেন। সে সময় তিনি সাংবাদিকদের বলেছিলেন, ছয় মাসের মধ্যে যানজট সহনীয় পর্যায়ে চলে আসবে। এরই মধ্যে দুই মাসের বেশি সময় পার হয়ে গেছে। মন্ত্রীর দেওয়া আশ্বাসের পরিপ্রেক্ষিতে কোনো বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে কি না, গতকাল তা জানতে চাইলে যোগাযোগ মন্ত্রণালয় থেকে কিছু জানাতে পারেনি। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, ‘এ সমস্যা তো আমি একা সমাধান করতে পারব না। স্বরাষ্ট্র, স্থানীয় সরকার, স্বাস্থ্যসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। শিগগিরই মাঠে নেমে, কোথায়, কী কারণে যানজট হচ্ছে, তা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’সরকারের বিভিন্ন প্রকল্প: যানজট নিরসনের লক্ষ্যে প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে বর্তমানে যাত্রাবাড়ী-গুলিস্তান, মিরপুর-বনানী ও কুড়িলে তিনটি উড়াল সড়কের নির্মাণকাজ চলছে। এই তিনটি প্রকল্প যথাক্রমে সিটি করপোরেশন, যোগাযোগ মন্ত্রণালয় ও রাজউকের অধীন বাস্তবায়িত হচ্ছে। সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই এসব প্রকল্পের কাজ শেষ হবে বলে তারা আশাবাদী। কিন্তু ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে ইতিপূর্বে যোগাযোগ মন্ত্রণালয়কে বলা হয়েছে, এসব উড়াল সড়কে ঢাকার যানজট কমবে না, বরং বাড়াবে। আর, বিশেষজ্ঞরা বলছেন, এসব উড়াল সড়কসংশ্লিষ্ট স্থানগুলোতে কিছুটা সুবিধা হতে পারে। তবে পুরো রাজধানীর বিরাজমান যানজটে কোনো প্রভাব পড়বে না।এর বাইরে মেট্রোরেল, উড়াল সড়ক ও বাসের বিশেষ লেনের নির্মাণকাজ অনেক দিন ধরে ঝুলে আছে। গণপরিবহনবান্ধব এসব প্রকল্প বাস্তবায়িত হলে যানজট কমানোর ক্ষেত্রে ভালো প্রভাব পড়বে বলে যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করেন। এই তিন প্রকল্প সম্পর্কে যোগাযোগমন্ত্রী বলেন, ‘আমি বসে নেই, আশা করি এক বছরের মধ্যে নির্মাণকাজ শুরু করতে পারব।’পুলিশের উদ্যোগ: বর্তমান সরকারের আমলে ঢাকা মহানগর পুলিশ যানজট নিরসনে অন্তত ১০টি উদ্যোগ নিয়েছে। এগুলো হলো: মূল সড়কগুলোকে তিন লেনে ভাগ করে প্রতিটি যানবাহনকে লেন ও সংকেত (সিগন্যাল) বাতি মেনে চলতে বাধ্য করা, ১৫ বছরের পুরোনো গাড়ি তুলে দেওয়া, যত্রতত্র ‘ইউটার্ন’ ও সংকেত উপেক্ষা করে বেপরোয়া চলাচল বন্ধ করতে মোড়গুলোতে দড়ি-বাঁশ, লোহার রড দিয়ে প্রতিবন্ধকতা তৈরি; নির্দিষ্ট স্থানের বাইরে বাস থামতে না দেওয়া, চলন্ত অবস্থায় চালকদের সিটবেল্ট বাঁধা বাধ্যতামূলক ও মুঠোফোনে কথা বলা বন্ধকরণ; পথচারীদের ফুটপাত, উড়াল সেতু ও পাতাল পথ ব্যবহারে বাধ্য করা; কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত ডিজিটাল প্রদর্শনী বোর্ডের মাধ্যমে রাস্তা ব্যবহারের নির্দেশনার ব্যবস্থা ও বিভিন্ন এলাকার মার্কেটের সাপ্তাহিক বন্ধের দিন নির্দিষ্ট করে দেওয়া। কিন্তু এসবেও খুব বড় কোনো ফল পাওয়া যায়নি। অবশ্য মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) মাহবুবুর রহমান দাবি করেন, পুলিশের উদ্যোগ ব্যর্থ হয়নি। পুলিশ যেসব ব্যবস্থা নিয়েছে সেগুলো কেবল স্বস্তি দেওয়ার লক্ষ্যে। পুরোপুরি যানজট সমস্যা সমাধান করতে হলে গণপরিবহনব্যবস্থা চালু করতে হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক সামছুল হক প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত যানজট নিরসনে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, সবগুলোই এলাকাভিত্তিক। কুড়িল, যাত্রাবাড়ী-গুলিস্তান ও মিরপুর-বনানী উড়াল সড়ক পুরো ঢাকার সমস্যা সমাধান করবে না। তিনি বলেন, ২০ বছরের পরিবহন পরিকল্পনায় ঢাকার পূর্ব ও পশ্চিম পাশে অন্তত ৫০টি নতুন সড়ক ও সংযোগ নির্মাণের জন্য অনেক আগে পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু সেগুলো করা হয়নি। অথচ ঢাকায় প্রতিদিন গড়ে ১৯০টি নতুন যানবাহন নামছে, মানুষ যোগ হচ্ছে আড়াই হাজারের মতো। এ অবস্থায় পূর্ব ও পশ্চিম দিকে যে হারে অপরিকল্পিতভাবে বাড়ি-ঘর নির্মিত হচ্ছে, পরে সড়ক করার সুযোগ থাকবে না। তাঁর মতে, এখনই পূর্ব-পশ্চিমে সড়ক তৈরি, মেট্রোরেল ও বাসের বিশেষ লেনের মতো গণপরিবহন চালু না করা গেলে ঢাকার যানজট নিরসন হবে না।