সরকার মুখোশধারীদের অস্ত্র হাতে দিয়ে সমাবেশে ঢুকিয়েছে: দেলোয়ার
বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন অভিযোগ করেছেন, কুমিল্লায় যুবদলের সমাবেশে সরকার মুখোশধারীদের অস্ত্র হাতে দিয়ে মিছিলে ঢুকিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল যুবদলের সমাবেশ পণ্ড করা।আজ বুধবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন।সিরাজগঞ্জে ছাত্রদলের সমাবেশস্থলের কাছে ট্রেনে কাটা পড়ে ছয়জনের মৃত্যু প্রসঙ্গে মহাসচিব বলেন, ‘এটি ছিল পূর্বপরিকল্পিত।’ তিনি বলেন, ‘যে ট্রেন এক ঘণ্টা আগে আসার কথা ছিল, সে ট্রেন কেন এক ঘণ্টা পরে এল?’সিরাজগঞ্জের দুর্ঘটনার জন্য বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে দায়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, বিএনপির মহাসচিব তার নিন্দা করেছেন। নাটোরে বিএনপির দলীয় কোন্দলে বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান খুন হয়েছেন বলে প্রধানমন্ত্রীর অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘এতে খুনিরা প্রশ্রয় পাবে। এ কথা বলে তিনি তাদের সুরক্ষা দিয়েছেন।’