সরকার যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ: গণপূর্ত প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেছেন, জাতির কাছে দেওয়া নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। যুদ্ধাপরাধীদের বিচারে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে তিনি দেশের সব নাগরিককে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, যে জাতি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করতে পারে, সেই জাতির ভয়ের কিছু নেই। খবর বাসসের।প্রতিমন্ত্রী আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি কনফারেন্স হলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটি আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও যুদ্ধাপরাধীদের বিচার’বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে বাঙালি জাতিকে তার মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্যুত করতে পারে। আর মুক্তিযুদ্ধের চেতনা যত দিন থাকবে, তত দিন বিজয় অনিবার্য।মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আবদুল মালেক মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. ফজলুল হক প্রমুখ।