সরকার যুদ্ধাপরাধের বিচারের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, দেশে-বিদেশে অপপ্রচার চালিয়ে আর আদালতে রিট করে একটি মহল যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। সরকার যুদ্ধাপরাধের বিচারের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। রিট করে আর অপপ্রচার চালিয়ে যুদ্ধাপরাধের বিচার ঠেকানো যাবে না।আইনমন্ত্রী আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে স্থানীয় সরকারি কৌঁসুলিদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।শফিক আহমেদ বলেন, দেশে-বিদেশে প্রচারণা চালানো হচ্ছে, সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে যুদ্ধাপরাধের বিচার করছে। যাঁরা এসব অভিযোগ করছেন, তাঁরা আসলে ভুল করছেন।আইনমন্ত্রী যুদ্ধাপরাধের বিচারের ব্যাপারে সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে বলেন, খুন করে পার পাওয়ার সংস্কৃতি থেকে দেশকে মুক্ত করা, ক্ষতিগ্রস্তদের সুবিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা, ৩৯ বছর ধরে যে ক্ষত দেশবাসী বয়ে বেড়াচ্ছে, এর প্রতিকার এবং জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি এ চারটি বিষয়ে ব্যাপক জনমত সৃষ্টির জন্য সরকারি কৌঁসুলিদের প্রতি আহ্বান জানান।বৈঠকে নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান, মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহম্মদ ও জেলা পিপি আবুল হাশেমসহ সরকারি কৌঁসুলিরা উপস্থিত ছিলেন।