সরকার রাস্তা সংস্কারের টাকা লুটপাট করেছে: ফখরুল
অবিলম্বে ঢাকা-ময়মনসিংহ সড়ক মেরামত করে যান চলাচলের উপযোগী করে তোলার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সড়কের বেহাল অবস্থার জন্য যোগাযোগ মন্ত্রণালয়ের দুর্নীতিকে দায়ী করেন। মির্জা ফখরুল বলেন, এই সরকার রাস্তা সংস্কারের কোটি কোটি টাকা লুটপাট করেছে। এ কারণে সারা দেশের যোগাযোগ-ব্যবস্থা ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়েছে। আজ শুক্রবার রাজধানীর তেজকুনীপাড়ায় এক আলোচনা অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব অভিযোগ করেন। কোরআন শিক্ষা মিশন ‘রমজানের শিক্ষা ও তাত্পর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে। প্রতিষ্ঠানের উপদেষ্টা বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লা বুলু এতে সভাপতিত্বে করেন।প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ের কঠোর সমালোচনা করে বলেন, গত আড়াই বছরে মহাসড়কগুলোর কোনো উন্নয়ন হয়নি। অথচ মন্ত্রণালয় বড় বড় প্রকল্প নিয়ে ব্যস্ত। এসব প্রকল্পের বাস্তবায়ন নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল সড়কে কোনো সংস্কার না হওয়ায় লাখ লাখ মানুষ বিপাকে পড়েছে। ঈদের আগে এমন ঘটনার কারণে সৃষ্ট ভোগান্তির জন্য তিনি যোগাযোগ মন্ত্রণালয়কে দায়ী করেন। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও আলতাফ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক প্রমুখ।