সরকার শান্তি নয়, সংঘাতে বিশ্বাসী: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, সরকার শান্তিতে নয়, সংঘাতে বিশ্বাস করে। এ কারণেই তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর ফাঁকির অভিযোগে মওদুদ আহমদের বিরুদ্ধে গতকাল মামলা করার পর আজ তিনি এই ব্রিফিং করেন।মওদুদ আহমদ অভিযোগ করেন, ‘বর্তমান সরকার আমার বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলা করেছে। সরকার দিগ্বিদিকশূন্য হয়ে পড়েছে, ভারসাম্য হারিয়ে ফেলেছে।’ তাঁর বিরুদ্ধে প্রতিহিংসামূলক ও রাজনৈতিক উদ্দেশ্যে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।মওদুদ আহমদ বলেন, নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিয়ে বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। বিরোধী দল যখনই সহযোগিতার হাত বাড়াতে চায়, তখনই আঘাত আসে।চারদলীয় জোট সরকারের সাবেক এই আইনমন্ত্রী অভিযোগ করেন, ২০০৮ সালের ৩১ আগস্ট তাঁর বিরুদ্ধে এ ধরনের একটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছিল। ওই মামলায় অপরাধের সময়কাল বলা হয়েছিল, ১৯৯৬ সালের ১ জুলাই থেকে ২০০৬ সালের ৩০ জুন পর্যন্ত। গতকাল এনবিআরের দায়ের করা মামলায়ও একই সময়কাল এবং একই ধরনের অপরাধের কথা বলা হয়েছে। আয়কর অধ্যাদেশের ১৬৫ ও ১৬৬ ধারায় মামলা করা হয়েছে। কিন্তু ফৌজদারি কার্যবিধির ৪০৩ এবং সংবিধানের ৩৫(২) ধারা অনুসারে একই অপরাধে দ্বিতীয়বার মামলা চলতে পারে না। মওদুদ বলেন, ‘২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা রিটে (৭০৩৩/০৮) আদালত রুল জারি করেন এবং স্থগিতের আদেশ দেন। ওই স্থগিতাদেশ থাকা সত্ত্বেও একই মামলা করা আদালত অবমাননার শামিল বলে মনে করি। আয়করের ওই মামলায় আপিল বিভাগ ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি ব্যাংকে ছয় কোটি টাকা রাখার কথা বলেছেন। এই হিসেবে একটি ব্যাংকে পাঁচ কোটি ২০ লাখ টাকা এবং এবি ব্যাংকে ৮০ লাখ রাখা হয়েছে।’ এর পরও মামলা দায়ের আদেশের বরখেলাপ বলে তিনি মনে করেন। মওদুদ আহমদ বলেন, ‘সরকার প্রতিহিংসার আগুনে জ্বলছে। মামলা দিয়ে বিরোধী দলকে দমিয়ে রাখা যায় না। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকেই সরকারের তা বোঝা উচিত ছিল।’ বিষয়গুলো পরীক্ষা করে দেখে বিষয়টি বিবেচনা করা হবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, ‘মামলা দিয়ে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করায় মানহানির মামলা করার চিন্তা করছি।’ সংবাদ ব্রিফিংয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহাবুব হোসেন, স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, সমিতির সম্পাদক এম বদরুদ্দোজা প্রমুখ উপস্থিত ছিলেন।