সরকার শাসক নয়, সেবক হিসেবে এসেছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এই সরকার শাসক হিসেবে নয়, সেবক হিসেবে এসেছে। নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলাম রংপুরকে বিভাগ করার, আমরা তা করেছি। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ব্যাংকের শাখা কার্যালয় করেছি।’আজ শনিবার রংপুর জিলা স্কুলের মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।মঙ্গা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার মঙ্গা দূর করেছে। মঙ্গা শব্দটাই এখন আর নেই। রংপুরে আর এই শব্দ শোনা যাবে না। আশ্বিন-কার্তিক মাসে এ এলাকার মানুষের হাতে যখন কাজে থাকে না, তখন কাজের সুযোগ সৃষ্টি করতে নতুন জাতের ধান চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী রংপুর শহরকে সিটি করপোরেশন করার আশ্বাস দেন। এ ছাড়া শেখ হাসিনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট এবং বন্ধ থাকা আন্তনগর ট্রেন চালু করার ঘোষণা দেন।প্রধানমন্ত্রী সেচের মৌসুমে এ অঞ্চলের কৃষকেরা যাতে বিদ্যুত্ পান, তা নিশ্চিতের আশ্বাস দেন। এ অঞ্চলে গ্যাস সরবরাহের ব্যাপারে তিনি বলেন, দেশে গ্যাসের ঘাটতি আছে। গ্যাস থাকলে রংপুরে দেওয়া হবে।সমাবেশে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ মহাজোট সরকারের প্রশংসা করে বলেন, ‘এ সরকার ক্ষমতায় আসায় বঙ্গবন্ধু হত্যার বিচার ও জঙ্গিবাদ দমন হয়েছে। মহাজোট শুধু নির্বাচনী জোট নয়, আন্দোলন-সংগ্রামের জোট। ভাতের অধিকার প্রতিষ্ঠার জোট।’ তিনি মহাজোটকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বেলা সোয়া একটার দিকে রংপুর পৌঁছেন। দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই তাঁর প্রথম রংপুর সফর। তিনি জেলার গঙ্গাচড়া উপজেলার পানাপুকুরে সেনাবাহিনীর শীতকালীন মহড়ার উদ্বোধন ও পর্যবেক্ষণ করেন। পরে তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও নতুন জেলা প্রশাসক ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।