সরকার সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, সরকার সারা দেশে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। অন্যদিকে সরকার নিজেই সংঘাত ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এসবের উদ্দেশ্য একদলীয় শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়া।বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা, কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রাখা ও যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তারের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসব ঘটনার প্রতিবাদে ৮ অক্টোবর সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল।গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পুলিশ আকস্মিকভাবে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে। ওই সময় সরকারি মদদপুষ্ট কিছু ব্যক্তি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে দাবি করেন তিনি।মির্জা ফখরুল দাবি করেন, সরকার একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চায়। এরই ধারাবাহিকতায় তারা কক্সবাজারের রামুতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছে। কিন্তু সরকার একতরফাভাবে বিরোধী দলের ওপর দোষ চাপিয়েছে। তবে সরকারদলীয় নেতারা ওই ঘটনায় জড়িত বলে বিভিন্ন শীর্ষস্থানীয় পত্রিকায় খবর এসেছে।গতকালের সংঘর্ষের ঘটনায় পল্টন ও রমনা থানায় পুলিশের দায়ের করা তিনটি মামলা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ওই সব মামলা মিথ্যা ও বানোয়াট। তিনি এসব মামলা প্রত্যাহার করে গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান।