তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হাফিজউদ্দিন খান বলেছেন, জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়ে সরকার সংবিধান এবং সুপ্রিম কোর্টের রায় অমান্য করেছে। সংবিধানে প্রশাসক নিয়োগের কোনো সুযোগ নেই। তিনি বলেন, আওয়ামী লীগ-বিএনপি দুই দলই উপজেলাকে দুর্বল করার ব্যাপারে এক অবস্থানে রয়েছে। তাই উপজেলা পরিষদের এ দুর্দশা। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। ‘স্থানীয় সরকার বিষয়ে সাম্প্রতিক সরকারি সিদ্ধান্ত ও নাগরিক ভাবনা’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, উপজেলায় ত্রিমুখী সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। ইউএনও মুখ্য কর্মকর্তা, চেয়ারম্যান প্রধান নির্বাহী আর উপদেষ্টা হিসেবে সাংসদের ক্ষমতা তো আছেই।এদিকে অতীতের কোনো সরকারই স্থানীয় সরকারকে শক্তিশালী করার চেষ্টা করেনি বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের আরেক সাবেক উপদেষ্টা এস এম শাহজাহান। তিনি বলেন, সরকার স্থানীয় সরকারকে দুর্বল করার জন্য যা করা দরকার তার সবই করেছে। অন্যদিকে জেলায় প্রশাসক নিয়োগ করে সরকার সংবিধান লঙ্ঘন করেছে বলে একই অভিমত ব্যক্ত করেছেন অধ্যাপক মনিরুজ্জামান মিয়া। তিনি বলেন, সংবিধান অনুসারে নির্বাচিত প্রতিনিধি দিয়ে জেলা প্রশাসন চালানোর কথা।