সরকার সংবিধান সংশোধনে একদলীয় কমিটি করেছে: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, সরকার সংবিধান সংশোধনের নামে একদলীয় কমিটি করেছে। এই কমিটি নানা রকম স্বেচ্ছাচারিতা করেই যাচ্ছে।খালেদা জিয়া আরও বলেন, তারা বলছে, সংবিধানের নতুন একটা খসড়া নাকি তারা বানিয়েছে। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘আমি জানতে চাই, খসড়া সংবিধান কেন? তাহলে কি মূল সংবিধান বাতিল হয়ে গেছে? আমি জানতে চাই, কোন সংবিধানে এখন দেশ চলছে? খসড়া কোনো সংবিধানে দেশ চলতে পারে না।’আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের নির্বাচনে বিজয়ী বিএনপিপন্থী আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।বিরোধীদলীয় নেতা আইনজীবীদের বিচার বিভাগের স্বাধীনতা ও স্বাতন্ত্র্য রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, জনগণ সার্বভৌম ক্ষমতার উত্স। তাদের অনুমোদন ছাড়া সংবিধান গৃহীত হতে পারে না। সংবিধানের মৌলিক কোনো পরিবর্তন ঘটাতে হলে তার জন্যও জনগণের সম্মতি নেওয়ার প্রয়োজন রয়েছে। সরকার, পার্লামেন্ট, বিচার বিভাগ কিংবা কোনো কমিটির ওপর সংবিধানের মৌলিক পরিবর্তনের দায়িত্ব ছেড়ে দেয়া যায় না।’বিএনপির চেয়ারপারসন বলেন, ‘সংবিধান সংশোধনের নামে খসড়া সংবিধান রচনার মাধ্যমে দেশে আজ সাংবিধানিক সংকট ও শূন্যতা সৃষ্টি করা হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্যই আমরা মধ্যবর্তী নির্বাচনের দাবি তুলেছি। এই দাবি আন্দোলনের মাধ্যমে আমাদের আদায় করতে হবে।’জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন টিএইচ খান, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, নাজমুল হুদা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক বদরুদ্দোজা, শাহজাহান ওমরসহ বিএনপি-সমর্থিত আইনজীবী নেতারা।গত ৩০-৩১ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-সমর্থিত খোন্দকার মাহবুব হোসেন ও বদরুদ্দোজা প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করে।