প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, ভারতের মণিপুরে টিপাইমুখ বহুমুখী জলবিদ্যুৎ প্রকল্পের কারণে বাংলাদেশের উদ্বেগের কোনো কারণ নেই। তিনি বলেছেন, ‘টিপাইমুখ বাঁধের বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, তাতে আমরা পুরোপুরি সন্তুষ্ট।’গতকাল সোমবার বিকেলে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যের পর গওহর রিজভী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।ভারতের আশ্বাসে বাংলাদেশ যেহেতু সন্তুষ্ট, সে ক্ষেত্রে আর কোনো বিশেষজ্ঞ দল পাঠানো হবে কি না—এ প্রশ্নের জবাবে গওহর রিজভী বলেন, প্রয়োজন হলে নিশ্চয় যাবে। ভারত আশ্বস্ত করেছে, ক্ষতিকর কিছু করবে না।গওহর রিজভী বলেন, ‘সাম্প্রতিক কালে টিপাইমুখ বাঁধ নিয়ে দেশে অনেক বিতর্ক ও অপপ্রচার হয়েছে। বিষয়টি যাচাই করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি আমাদের (প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমানসহ) ভারতে পাঠান। আমরা ভারতে প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে আলোচনা করেছি। ভারতের প্রধানমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন, বাংলাদেশের ক্ষতি হয় এমন কোনো পদক্ষেপ টিপাইমুখে নেওয়া হবে না। তিনি প্রয়োজনে বাংলাদেশের বিশেষজ্ঞদের নিয়ে করা প্রতিনিধিদলকে ভারতে স্বাগত জানিয়েছেন।’গওহর বলেন, ‘ভারতের পক্ষ থেকে তথ্য দেখিয়ে আমাদের বলা হয়েছে, টিপাইমুখ প্রকল্পে সেচের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে না। শুধু জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বাঁধ হবে, জলাধার হবে। কাজেই নদের গতি রোধ হবে না। তাই সারা বছরই ভারত পানি ছাড়বে। তাই এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।’ তিনি বলেন, ভারত বলেছে, বাংলাদেশ চাইলে সমতার ভিত্তিতে ওই প্রকল্প থেকে বিদ্যুৎ নিতে পারবে। আরও তথ্য চাইলে তা-ও দেবে।টিপাইমুখ প্রকল্প থেকে বাংলাদেশ কীভাবে বিদ্যুৎ পাবে, এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘ভারত প্রকল্পটিতে যৌথ বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছে। বাংলাদেশ যদি ওই প্রকল্পে যৌথভাবে বিনিয়োগ করে, তবে সমতার ভিত্তিতে বিদ্যুৎ পাওয়া যাবে। এ ক্ষেত্রে বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে।’বরাক নদে বাঁধ দিয়ে টিপাইমুখ বহুমুখী জলবিদ্যুৎ প্রকল্প সইয়ের জন্য গত ২২ অক্টোবর ভারতের জাতীয় জলবিদ্যুৎ সংস্থা (এনএইচপিসি), রাষ্ট্রায়ত্ত জলবিদ্যুৎ সংস্থা (এসজেভিএন) ও মণিপুর রাজ্য সরকারের মধ্যে একটি যৌথ বিনিয়োগ চুক্তি সই হয়। এ খবর সম্প্রতি গণমাধ্যমে প্রকাশের পর দেশে উদ্বেগ সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই উপদেষ্টা ১ ডিসেম্বর তিন দিনের সফরে দিল্লি যান।