সরকার সন্ত্রাস না করলে মহাসমাবেশ শান্তিপূর্ণ হবে: জামায়াত
সরকার সন্ত্রাস না করলে ১২ মার্চের মহাসমাবেশ শান্তিপূর্ণ হবে বলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে জামায়াতের এক যৌথসভায় এ কথা জানান দলের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মিয়া গোলাম পরওয়ার। ১২ মার্চের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে জামায়াতের বিভিন্ন সহযোগী সংগঠনের সঙ্গে এ যৌথসভা করা হয়।সভায় পাড়া-মহল্লায় নেতা-কর্মীদের সংগঠিত করে মহাসমাবেশে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানানো হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সরকারের বিভিন্ন মন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা জামায়াত-শিবিরের দিকে আঙুলি নির্দেশ করে বলছেন, আমরা জঙ্গি হামলা চালিয়ে নাশকতা সৃষ্টি করতে পারি। যখনই চার দল বড় ধরনের কোনো কর্মসূচি দেয়, তখনই তারা এ রকম নাশকতার অপপ্রচার চালায়।’ কিন্তু সরকার কোনো ধরনের সন্ত্রাস না করলে ১২ মার্চের মহাসমাবেশ শান্তিপূর্ণ হবে, এমন নিশ্চয়তাও তিনি দেন।যৌথসভায় সভাপতিত্ব করেন জামায়াতের সাংসদ হামিদুর রহমান। তিনি বলেন, ‘দমন-পীড়ন আমরা ভয় পাই না। দেশ ও জাতির মুক্তির জন্য সিদ্ধান্ত নিয়েই আমরা মাঠে নেমেছি।’ প্রয়োজনে জীবন দিয়ে ১৬ কোটি মানুষকে মুক্ত করবেন বলেও জামায়াতের এই নেতা ঘোষণা দেন।সভায় জামায়াতের ঢাকা মহানগর কমিটির সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিন, শফিকুল ইসলাম মাসুদ, মনিরুল ইসলাম ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।