সরকার-সমর্থকদের চাপে ২৬ কর্মচারী নিয়োগ
স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সরকার-সমর্থক সংগঠনের নেতা-কর্মীদের চাপে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী ভিত্তিতে (অ্যাডহক) নতুন করে আরও ২৬ জনকে তৃতীয় শ্রেণীর কর্মচারী পদে নিয়োগ দেওয়া হয়েছে।উপাচার্যের বিশেষ ক্ষমতাবলে গত শনিবার এই নিয়োগ চূড়ান্ত করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে। এর আগে ২০ ফেব্রুয়ারি সিন্ডিকেটের ৪৪৭তম সভায় ১৮৪ জন কর্মচারী, ২৬ জন কর্মকর্তা এবং ২০ জন শিক্ষক নিয়োগ অনুমোদন করা হয়। বিগত চার বছরে এই বিশ্ববিদ্যালয়টিতে নিয়োগ নিয়ে নানা ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে। এদিকে চাকরি না দেওয়ার অভিযোগে স্থানীয় আওয়ামী লীগের ২৫-৩০ জন নেতা-কর্মী গতকাল রোববার সকালে বিশ্ববিদ্যালয়সংলগ্ন চৌদ্দপাইয়ে শিক্ষকদের আবাসিক এলাকা বিশ্ববিদ্যালয় হাউজিং সোসাইটির (বিহাস) ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছেন। পরে কয়েকজন শিক্ষকের হস্তক্ষেপে তাঁরা বিক্ষোভ বন্ধ করেন। ওই এলাকায় বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকেরা থাকেন। যাঁদের মধ্যে নিয়োগ বোর্ডের সদস্যও রয়েছেন।বিশ্ববিদ্যালয়ের সূত্র জানায়, ২০ ফেব্রুয়ারি সিন্ডিকেটে নিয়োগ পাওয়া কর্মচারীদের গত শনিবার নিয়োগপত্র দেওয়া শুরুর পর থেকেই প্রশাসনিক ভবনে ভিড় করতে থাকেন চাকরিপ্রত্যাশীরা। চাকরিবঞ্চিত একটি অংশ সহ-উপাচার্যের দপ্তরে ভাঙচুর, উপাচার্যের বাসভবনে বিক্ষোভ ও প্রশাসন ভবনে তালা দেয়। এর পরিপ্রেক্ষিতে চাপের মুখে নতুন করে ২৬ জনকে নিয়োগ দেওয়া হয়। এঁদের প্রায় সবাই সরকারদলীয় অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সুপারিশে নিয়োগ পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। গতকালও চাকরিপ্রত্যাশীরা ভিড় করেন প্রশাসনিক ভবনে। হরতালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম না হলেও নিয়োগ নিয়ে উত্তপ্ত ছিল প্রশাসনিক ভবন। সংস্থাপন শাখার সহায়ক কর্মচারী ও সাধারণ কর্মচারী ইউনিটের উপ-রেজিস্ট্রার আবদুল মজিদ বলেন, চাকরিপ্রত্যাশীদের চাপ ও হুমকির কারণে তিনি তাঁর দপ্তর খুলতে পারেননি। অতিরিক্ত নিয়োগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।