সরকার সমর্থকদের সুবিধা দিতে চট্টগ্রাম বন্দরে গণবদলি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের পরিবহন বিভাগের ৭৩৪ জন কর্মচারীকে গতকাল রোববার একযোগে বদলি করা হয়েছে। বন্দরের ইতিহাসে একসঙ্গে এত কর্মচারী বদলির নজির বন্দরে নেই বলে বন্দর কর্মকর্তারা নিশ্চিত করেছেন। সরকার সমর্থক চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের চাপের মুখে এই গণবদলি করতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, বন্দরের পরিবহন বিভাগের কর্মচারীদের কাছে ঢাকার অভ্যন্তরীণ পণ্যাগারে (আইসিডি), বন্দরের কার শেডসহ কয়েকটি জায়গা আকর্ষণীয় কর্মস্থল হিসেবে বিবেচিত। এসব জায়গায় ঘুষ-বকশিশসহ নানা অবৈধ অর্থ লেনদেন হয়। সরকার সমর্থকদের এসব আকর্ষণীয় জায়গায় বদলি করতে এ গণবদলি করা হয়েছে। এই বদলির কারণে বন্দরের অনেক বিভাগে প্রয়োজনের তুলনায় বেশি লোক দেওয়া হয়েছে। যেমন কার শেডে (এবি শেডে) দিনের সাধারণ দায়িত্বে ১১টি পদ থাকলেও এখন ১৫ জন কাজ করার সুযোগ পাচ্ছেন। চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন) ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ৭৩৪ কর্মচারীকে একসঙ্গে বদলির বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘অনেক দিন বদলি করা হয়নি, তাই একসঙ্গে অনেককে বদলি করতে হয়েছে। বিশেষ রাজনৈতিক দলের সমর্থকদের আকর্ষণীয় জায়গায় বদলির বিষয় আমার জানা নেই।’বন্দর সূত্র জানায়, নতুন বদলির তালিকায় নিম্নবহিঃ সহকারী (জেআরওএ) পদে ২৫৬ জন এবং উচ্চবহিঃ সহকারী (এসআরওএ) পদে ৪৭৮ জন আছেন। চট্টগ্রাম বন্দর এবং ঢাকার কমলাপুরের আইসিডির পরিবহন বিভাগে প্রায় ৮০০ কর্মচারী আছেন। বিধিবিধান না থাকলেও দুই বছর অন্তর ১০০-১৫০ জন কর্মচারীকে বদলি করা হয়। এতে যাঁরা দুই বছর কম গুরুত্বপূর্ণ জায়গায় থাকেন, তাঁরা তুলনামূলক ভালো জায়গায় কাজ করার সুযোগ পান। সর্বশেষ ২০০৭ সালে এ ধরনের বদলি করা হয়।বন্দর কর্মকর্তারা জানান, যাঁরা পালার (শিফটিং) কর্মচারী তাঁদের পালার দায়িত্বে বদলি করা হয়। আবার যাঁরা দিনের সাধারণ দায়িত্বে, তাঁদের সাধারণ দায়িত্বে বদলি করা হয়। অথচ চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের যুগ্ম সম্পাদক ফখরুল ইসলামকে এসআরএ হিসেবে পদোন্নতি দিয়ে বন্দরের এবি কার শেডে দিনের সাধারণ দায়িত্বে বদলি করা হয়েছে। এর আগে তিনি পালার দায়িত্বে বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনালে (সিসিটি) জেআরওএ পদে কর্মরত ছিলেন। ফখরুল ইসলাম অবশ্য দাবি করেন, প্রভাব খাটিয়ে তাঁরা বদলির আদেশ নেননি। অনেক দিন বদলি হয় না, এ জন্য একসঙ্গে অনেককে বদলি করা হয়েছে। তিনি স্বীকার করেন, এবি কার শেডে ১১টি পদ থাকলেও এখন ১৫জন কর্মচারীকে দায়িত্ব দেওয়া হয়। পালার কর্মচারী হয়ে তিনি দিনের সাধারণ চাকরির সুবিধা পাওয়ার বিষয়টি স্বীকার করেন।সূত্র জানায়, চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের সহসভাপতি সালাউদ্দীন চার বছর ধরে বন্দরের কার শেডে (পি শেডে) এসআরওএ পদে আছেন। নতুন বদলি তালিকায় তিনি নেই। একইভাবে বদলি করা হয়নি পরিষদের আরেক সহসভাপতি আবুল মনসুরের ভাই আবুল খায়েরকে। তিনি ঢাকার আইসিডিতে নিম্নবহিঃ সহকারী হিসেবে প্রায় চার বছর ধরে কর্মরত। অথচ অধুনালুপ্ত চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদকে ঢাকার আইসিডি থেকে চট্টগ্রাম বন্দর জেটির ৪ নম্বর শেডে, কর্মী মো. আমান উল্লাহকে ঢাকার আইসিডি থেকে বন্দরের ৬ নম্বর শেডে এসআরএ পদে বদলি করা হয়। আরেক কর্মী নুরুল ইসলামকে বেইজ স্টেশন থেকে সিসিটি বার্থ-এ এসআরওএ পদে বদলি করা হয়। শ্রমিকদের কাছে বন্দরের বেইজ স্টেশন এবং সিসিটি বার্থ তুলনামূলক খারাপ কর্মস্থল হিসেবে বিবেচিত। বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী নুরুল্লা বাহার অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের নেতারা কর্মকর্তাদের ঘেরাও করে এ ধরনের বদলির আদেশ দিতে বাধ্য করেন। বন্দরের ইতিহাসে এত লোককে একসঙ্গে বদলির নজির নেই। চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক ওয়াহিদ উল্লাহ সরকার বলেন, ‘আমরা দেন-দরবার করেছি ঠিক, কিন্তু কর্মকর্তাদের ঘেরাও করিনি।’ কিছু কিছু জায়গায় প্রয়োজনের বেশি লোককে বদলি করার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, বেশি লোককে বদলি করায় সম্ভবত এটা হয়েছে।