ফেনীর পরশুরাম পৌরসভার মেয়র পদপ্রার্থী আবু তালেব নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একজন কর্মকর্তার ভাই নিজামউদ্দিন চৌধুরী এ নির্বাচনে অংশ নিয়ে প্রশাসনকে দলীয়ভাবে ব্যবহার করছেন। কয়েক দিন আগে এই প্রার্থীর বাসভবনে বেশির ভাগ নির্বাচনী কর্মকর্তাকে দাওয়াত করে খাওয়ানো হয়। তা ছাড়া এ প্রার্থীর পক্ষে শহরের সন্ত্রাসীরা জড়ো হয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে। কাজেই নির্বাচনের অন্তত সাত দিন আগে এখানে সেনা মোতায়েন করতে হবে।আবু তালেব লিখিত অভিযোগ নিয়ে দেখা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদার সঙ্গে। গতকাল সোমবার প্রথম আলোর সঙ্গে আলাপকালে আবু তালেব বলেন, সিইসি পরশুরামে সেনা মোতায়েনের ব্যাপারে আশ্বস্ত করেছেন। কিন্তু অভিযোগ করার পর তো এখন বিপদ আরও বেড়েছে। টেলিফোনে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।আবু তালেব বলেন, ফেনীর পুরো প্রশাসনই চলছে প্রধানমন্ত্রীর সাবেক এক কর্মকর্তার হাতের ইশারায়। পরশুরামের অবস্থা না বলাই ভালো। তবে এখানে সুষ্ঠু ভোটের কোনো পরিবেশ নেই। এ অবস্থা চলতে থাকলে ভোটারদের সঙ্গে আলোচনা করে তিনি সিদ্ধান্ত নেবেন।নির্বাচন কমিশনে গতকাল পর্যন্ত প্রায় ৩০ জন মেয়র পদপ্রার্থী অভিযোগ করেছেন। বেশির ভাগ প্রার্থী সরকারি দলের সমর্থক প্রার্থীদের নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। সন্ত্রাসীরা ভোটারদের ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। প্রশাসন সরকার-সমর্থকদের পক্ষে কাজ করছে, এমন অভিযোগ করেও অনেকে চিঠি দিয়েছেন। এসব চিঠিতে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অবিলম্বে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানানো হয়।সন্দ্বীপের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ আলমগীর নির্বাচন কমিশনে অভিযোগ করে বলেছেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সন্ত্রাসীদের দাপটে এলাকাবাসী ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। বিরোধী দল-সমর্থিত প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। ভয়ে অনেকে এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। এ পরিস্থিতিতে এখানে সুষ্ঠু ভোট হওয়ার সম্ভাবনা নেই।পটুয়াখালী পৌরসভা নির্বাচনে ধর্ম প্রতিমন্ত্রী শাজাহান মিয়া সরকারি দলের প্রার্থীর পক্ষে প্রভাব খাটানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন মেয়র পদপ্রার্থী মাকসুদ আহমেদ বায়োজিদ। নির্বাচন কমিশনে পাঠানো চিঠিতে বলা হয়েছে, প্রথমে ধর্ম প্রতিমন্ত্রী নিজের ছেলে তারিকুজ্জামানকে প্রার্থী ঘোষণা করে আচরণবিধি লঙ্ঘন করে নিজেই প্রচারে নামেন।একপর্যায়ে ছেলে মনোনয়নপত্র প্রত্যাহার করলেও বিরোধীদলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে সরকারি দলের ভয়ভীতি দেখানো অব্যাহত রয়েছে। সাধারণ ভোটাররা সরকারি দলের সন্ত্রাসীদের ভয়ে এখন নির্বাচন নিয়ে কোনো কথাই বলতে চাইছেন না। অনেকে নির্বাচন পর্যন্ত এলাকার বাইরে থাকতে চাইছেন। সরকারি প্রশাসনও এখানে সরকারি দল-সমর্থক প্রার্থীর পক্ষে পরোক্ষভাবে কাজ করছেন।একই ধরনের অভিযোগ এসেছে খাগড়াছড়ির রামগড়, ভোলার লালমোহন, চট্টগ্রামের রাঙ্গুনিয়া, নাটোরের সিংড়া, ঢাকার সাভার, বাগেরহাট, শেরপুর, যশোরের কেশবপুর পৌরসভা থেকে। এসব পৌরসভার প্রার্থীদের অভিযোগ, সরকারি দলের সমর্থক প্রার্থীদের দাপটে এসব এলাকায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। তাই জরুরি ভিত্তিতে এসব পৌরসভায় সেনা মোতায়েনের দাবি জানানো হয়।এ ধরনের অভিযোগকে দুর্ভাগ্যজনক হিসেবে আখ্যায়িত করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। গত রাতে প্রথম আলোর সঙ্গে আলাপকালে তিনি বলেন, এসব চিঠিতে সরকারি দলের অসহিষ্ণু হয়ে ওঠার চিত্র ফুটে উঠেছে। নির্বাচন কমিশন এসব ঘটনার তদন্ত করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে পৌরসভা নির্বাচন অর্থহীন হয়ে পড়বে।এদিকে নির্বাচন কমিশন ঝুঁকিপূর্ণ পৌরসভায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে ২৬০টি পৌরসভা নির্বাচনের মধ্যে ঝুঁকিপূর্ণ পৌরসভার তালিকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য গত সপ্তাহে নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। চিঠিতে ঝুঁকিপূর্ণ পৌরসভাগুলোর তালিকা চাওয়া হলেও গতকাল পর্যন্ত কোনো সাড়া মেলেনি বলে জানা গেছে। এসব পৌরসভায় মেয়র পদে প্রায় দেড় হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।