সরকার সিদ্ধান্তহীন, শেয়ারবাজারও অস্থিতিশীল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছিল ৭ এপ্রিল। এরপর চলে গেছে আরও ১৯ দিন। এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে। বাজার ধসের জন্য অভিযুক্ত ব্যক্তিরা তদন্ত কমিটির চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদের চরিত্র হননে নানাভাবে চেষ্টা চালিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) যেসব কর্মকর্তা সরকার-গঠিত তদন্ত কমিটিকে সহায়তা দিয়েছেন, তাঁদের ওপর চড়াও হয়েছেন সংস্থাটির সদস্যরা। নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান তদন্ত কমিটির বিরুদ্ধে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন। সবশেষে অভিযুক্ত একটি কোম্পানি মামলা করেছে তদন্ত কমিটির বিরুদ্ধে। আর বাজারের অব্যাহত পতন ও বিক্ষোভ তো আছেই। তদন্ত প্রতিবেদন নিয়ে সরকারের অবস্থান এখনো সুনির্দিষ্ট নয়। তদন্ত প্রতিবেদনটি প্রকাশে সরকারের এই অহেতুক বিলম্ব বরং দেশের পুঁজিবাজারকে আরও ক্ষতি করছে। বাজারের কোনো পক্ষই অনিশ্চিত ভবিষ্যতের জন্য বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারছে না। যার প্রভাব পড়ছে বাজারে। অব্যাহত দরপতনের ধারাবাহিকতায় গতকাল সোমবার বিক্ষোভ করেছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। তদন্ত কমিটি সবার আগে নিয়ন্ত্রক সংস্থা এসইসি পুনর্গঠনের সুপারিশ করেছিল। সবাই মানেন যে বর্তমান এসইসি ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় চরম ব্যর্থ হয়েছে এবং বড়দের স্বার্থেই ব্যবহূত হয়েছে। কিন্তু এসইসি পুনর্গঠনের কার্যকর কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি। অর্থমন্ত্রী বাজার বোঝেন, এমন যোগ্য কাউকে খুঁজে পাননি বলে জানিয়েছেন। যদিও এসইসির ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, বাজার সম্বন্ধে পুঁথিগত শিক্ষা কখনো ছিল না, এমন ব্যক্তিরাই এসইসির সফল চেয়ারম্যান হিসেবে পরিচিতি পেয়েছেন। আর বেশি বাজার বোঝেন, এমন চেয়ারম্যানের সময়ই পুঁজিবাজারে সবচেয়ে বড় ধস নেমেছে।এসইসির চেয়ারম্যান যে পর্যালোচনা বা মতামত দিয়েছেন, তা ব্যক্তিগত বলেও প্রতীয়মান হয়। বৈঠক করে এই পর্যালোচনা তৈরি হয়নি। সুতরাং এটিকে এসইসির মতামত মোটেই বলা যাবে না। পর্যালোচনায় তদন্ত প্রতিবেদনকে নাকচ করে দেওয়া হয়েছে। এমনকি তদন্ত কমিটিকে অযোগ্যও বলা হয়েছে। অন্য অভিযুক্ত ব্যক্তিরাও একই সুরে কথা বলছেন। পুঁজিবাজার নিয়ে ১৯৯৬ সালে গঠিত তদন্ত কমিটিকে এ কথা বলার সাহস সে সময় কেউ দেখাতে পারেননি। শক্ত হাতে এবং দ্রুত সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। যদিও প্রভাবশালী অভিযুক্ত ব্যক্তিরা এখনো শাস্তি পাননি। কিন্তু এবার তদন্ত প্রতিবেদন নিয়ে সরকারের সিদ্ধান্তহীনতায় অভিযুক্ত ব্যক্তিরা ভালোই সুযোগ পেয়েছেন বলা যায়। কয়েকটি ক্ষেত্রে ’৯৬ সালের বাজার কেলেঙ্কারির সঙ্গে অভিযুক্ত ব্যক্তিরা অবশ্য এবারও অভিযুক্ত হয়েছেন এবং শাসক দলের সঙ্গেই তাঁদের সম্পর্ক বেশি। এঁদের সঙ্গে আবার প্রধান বিরোধী দলের কারও কারও সম্পর্ক রয়েছে।কেবল তদন্ত কমিটিই নয়, বিপাকে আছেন কমিটিকে যাঁরা সহযোগিতা দিয়েছেন, তাঁরাও। ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে আটজন কর্মকর্তা বিভিন্ন পর্যায়ে কমিটিকে সহায়তা করেছিলেন। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জোর চেষ্টা চালাচ্ছেন ডিএসইর প্রভাবশালী কয়েকজন সাবেক ও বর্তমান পরিচালক। এ রকম ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার ডিএসইর পর্ষদ সভায়। ওই দিন এ নিয়ে আলোচনা হলে অপর সদস্যদের ভূমিকার কারণে আপাতত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। গত বৃহস্পতিবারের আগেও এ নিয়ে একটি অনানুষ্ঠানিক বৈঠক হয়েছিল বলে জানা গেছে। এ সময় ডিএসইর একজন সাবেক সভাপতি বিষয়টি প্রথম আলোচনায় আনেন। এরপর আনুষ্ঠানিক বৈঠকে তিনজন সদস্য আবারও ডিএসইর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওপর চড়াও হন। তদন্ত প্রতিবেদনে ডিএসইর পর্ষদের কয়েকজন বর্তমান ও সাবেক সদস্য এবং তাঁদের নিকটাত্মীয়ের নামও রয়েছে। মূলত, এঁরাই শাস্তি দিতে বেশি তৎপর। এখানে বলা প্রয়োজন, তদন্ত কমিটিকে সবচেয়ে কম সহায়তা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা এসইসি। অথচ তাদেরই সাচিবিক দায়িত্ব পালন করার কথা ছিল।তদন্ত কমিটি গঠন করেছে সরকার। সুতরাং তদন্ত কমিটির সম্পূর্ণ দায়দায়িত্ব সরকারের। কিন্তু সেই দায়িত্ব এখন পর্যন্ত নেয়নি সরকার। ফলে অভিযুক্ত ব্যক্তিরা নানাভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন। উদ্দেশ্য, তদন্ত প্রতিবেদনকে পাশ কাটানো। সরকার যতই দেরি করবে, শেয়ারবাজার স্বাভাবিক ও স্থিতিশীল হতে ততই দেরি হবে। দ্রুততম সময়ের মধ্যে সরকার তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং এসইসি পুনর্গঠনসহ বিভিন্ন সুপারিশ বাস্তবায়ন শুরু না করলে আস্থার সংকট কাটবে না। সবকিছুই এখন নির্ভর করছে সরকারের ওপর।