সরকার সুপরিকল্পিতভাবে এসব হামলা চালিয়েছে: মির্জা ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, বিএনপির পক্ষ থেকে আজ দুপুরে মুক্তিযোদ্ধাদের দেওয়া সংবর্ধনা বানচাল করতে সরকার সুপরিকল্পিতভাবে ঢাকাসহ সারা দেশে বিএনপি নেতাদের ওপর হামলা চালিয়েছে। ভোর থেকে এ পর্যন্ত ৩০০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।আজ রোববার বেলা একটার দিকে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ ব্রিফিংয়ে মির্জা ফখরুল এ অভিযোগ করেন। গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানে অভিযোগ করে বলেছিলেন, শুধু যুদ্ধাপরাধীদের রক্ষাই নয়, দেশকে অস্থিতিশীল করতে হত্যা, গুম হত্যাসহ নানা ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি-জামায়াত জোট। মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর এ বক্তব্যকে আক্রমণাত্মক উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রীর এ বক্তব্যের পর এমন কিছু সরকার ঘটাতে পারে বলে আমাদের আশঙ্কা ছিল। তিনি দাবি করেন, আরিফুজ্জামান পুলিশের গুলিতে মারা গেছে। তিনি নিহত আরিফুজ্জামানকে বিএনপির কর্মী বলে দাবি করেছেন।দলের ভারপ্রাপ্ত মহাসচিব দুপুরে নির্ধারিত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে উল্লেখ করে নেতা-কর্মীদের শান্ত থাকার আহ্বান জানান। দলীয় কার্যালয় তালাবদ্ধ থাকায় সকাল থেকে প্রেসক্লাবেই অবস্থান করছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা।