পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গতকাল মিট দ্য প্রেসে বলেন, ‘আসনসংখ্যা বলতে পারব না। তবে আগামী সরকার হবে বামফ্রন্টের। আমরা অনায়াসে সংখ্যাগরিষ্ঠতা পাব।’ গতকাল ছিল কলকাতায় সাপ্তাহিক ছুটির দিন। ২৭ এপ্রিল কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা—এই তিন জেলার ৭৫ আসনে ভোট গ্রহণ। লড়ছেন ২৮০ জন প্রার্থী।রবিবাসরীয় নির্বাচনী প্রচারণার একটি আমেজ ছিল গতকাল। হুড খোলা জিপে বুদ্ধদেব, গৌতম দেব প্রমুখ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। লাল টুপি ও লাল পতাকায় ছেয়ে যায় শহর। তবে গতকাল উভয় শিবিরের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লোকসভায় সিপিআইএমের সাবেক সাংসদ অনিল বসুর অশালীন মন্তব্য এবং সে জন্য তাঁর ক্ষমা চাওয়ার বিষয়টি। অনিল বসু ফ্যাক্স বার্তা পাঠিয়ে গতকাল ক্ষমা চান। বলেন, তিনি অসতর্কতাবশত ওই মন্তব্য করেন। তিনি যা বলেছেন তা দলের শৃঙ্খলা ও সংস্কৃতির মধ্যে পড়ে না। তিনি পরে বুঝতে পারেন, ওই মন্তব্য করা উচিত হয়নি।অন্যদিকে কংগ্রেস নেতা ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি অনিল বসুকে দল থেকে বহিষ্কার ও শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত জনগণকে বামদের প্রতি অনাস্থা জ্ঞাপনের আহ্বান জানান। দক্ষিণ চব্বিশ পরগনার সভায় গিয়ে প্রণব বলেন, প্রথম দফার চেয়ে দ্বিতীয় দফায় বাম খারাপ করেছে। তৃতীয় দফায় আরও খারাপ করবে।মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল গড়িয়ার জনসভায় বলেন, পরাজয় নিশ্চিত জেনে বামেরা এখন আবোলতাবোল বকছে। মিডিয়া ও সাংবাদিকদের হুমকি দিচ্ছে। কুৎসা রটনা করছে। মমতা যথারীতি ছড়া কাটেন। বৃক্ষ তোমার নাম কী, ফলে পরিচয়। মর্নিং শোজ দ্য ডে। অনিল বসুর নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘ভাষায় মানুষের পরিচয়। তারা খারাপ মন্তব্য করেছে বলে আমরা পাল্টা জবাব দেব না।’ মমতা অবশ্য বলেন, এই সরকারকে নিলামেও আর কেউ কিনবে না। অতীতে তারা সন্ত্রাস ও রিগিং করে জিতেছে। এবার তার ইতি ঘটবে।বুদ্ধদেব এবারের বিধানসভা নির্বাচনের শেষ সংবাদ সম্মেলন করেন গতকাল। বিরোধী দলের ভূমিকা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য না করে বলেন, ‘আপাতত বিরোধী দল নয়, সরকারি দলের কথাই ভাবছি।’ এভাবে সতর্কতার সঙ্গে প্রশ্নটি এড়িয়ে যান তিনি। কারণ তিনি বিরোধী দলের ভূমিকা সম্পর্কে সামান্য বললেও সেটাই হতে পারত প্রতিপক্ষের সংবাদপত্রের লুফে নেওয়ার বিষয়। রাজ্যের সব গরিব মানুষকে তিনি চাল ছাড়াও আরও দু-তিনটি পণ্য কম দামে দিতে পারবেন বলে উল্লেখ করেন। উল্লেখ্য, বামের ইশতেহারে দারিদ্র্যসীমার নিচে থাকা লোকদের দুই টাকা কেজি দরে চাল খাওয়ানোর অঙ্গীকার করা হয়েছে।গণমাধ্যমের সঙ্গে বামফ্রন্টের একটা টানোপোড়েন তীব্র হয়ে উঠছে। মুখ্যমন্ত্রী গতকাল প্রেসক্লাবে বলেন, মিডিয়া চায় না বামেরা আসুক। কিন্তু সংবাদপত্রের সৃষ্টিশীলতা দিয়ে সাধারণ মানুষের চিন্তাভাবনাকে ভিন্ন খাতে নেওয়া যাবে না। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক সুনিল গুপ্তা গতকাল বলেন, কারও বিরুদ্ধেই এখনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তবে পুরো বিষয়টির ভিডিও ফুটেজ দিল্লিতে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। অনিল বসু মমতার বিরুদ্ধে অশালীন মন্তব্য করেন হুগলির আরামবাগের এক জনসভায়। হুগলির জেলা প্রশাসক বলেন, ‘আমরা জনসভার ভিডিও সংগ্রহ করেছি এবং রাজ্য নির্বাচন কমিশনে জমা দিয়েছি।’ এদিকে ডোমকলের সাংসদ রামচন্দ্রের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ নাকচ করেছে নির্বাচন কমিশন। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু মমতার নাম উল্লেখ না করে বলেন, ‘এবার নাকে সরষের তেল দিয়ে ঘুমান। আর কেন হেলিকপ্টারে চড়ে বায়ুদূষণ করছেন?’বাংলাদেশ প্রসঙ্গ: বামফ্রন্টের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের উদ্বাস্তু পুনর্বাসন এবং ১৯৭১ সালের পর যারা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গসহ দেশের অন্যান্য রাজ্যে চলে আসতে বাধ্য হয়েছে, তাদের সম্পর্কে কেন্দ্রকে যথাযথ ভূমিকা পালনের দাবিতে ব্যাপক জনমত সৃষ্টি করা হবে। গতকাল প্রেসক্লাবে এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর অনেকেই এপারে চলে আসেন। তাঁদের নিয়ে কিছু সমস্যা অমীমাংসিত রয়েছে। সেসব বিষয়ে আমরা একটি ন্যায়সংগত সমাধানের চেষ্টা করছি।’ গতকাল প্রথম আলোতে প্রকাশিত ট্রানজিট-সংক্রান্ত প্রস্তাবিত আন্তদেশীয় পরিবহন কোম্পানি গঠনের বিষয়ে তাঁর দৃষ্টি আকর্ষণ করা হয়। জবাবে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।