সরকার বিরোধী দলকে কোনো কর্মসূচি পালন করতে না দিয়ে হরতালের মতো কর্মসূচি দিতে বাধ্য করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আগামী রোববার বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে বাধা দিলে এর প্রতিবাদে আন্দোলনের কর্মসূচি ঘোষণার কথাও জানিয়েছেন।রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গতকাল শুক্রবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা জানান। তিনি বলেন, ‘আমরা এ রকম কঠোর কর্মসূচি দিতে চাই না। তবে সরকার যেভাবে গণতান্ত্রিক ও সাংবিধানিক আন্দোলন কর্মসূচিতে বাধা দিচ্ছে, তাতে হরতালের মতো কঠোর কর্মসূচি দেওয়া ছাড়া আমাদের আর কোনো পথ খোলা নেই।’ তিনি রোববার মুক্তাঙ্গনের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানান।জাতীয় সংসদে উত্থাপিত হরতালবিরোধী বিলকে অগণতান্ত্রিক ও জনগণের মৌলিক অধিকারের পরিপন্থী বলে অভিহিত করেন মির্জা ফখরুল। তিনি বলেন, এই সরকার গায়ের জোরে যেকোনো কিছু করতে পারে। তবে এই কাজটা সহজ হবে না। জনগণ এটি মেনে নেবে না।এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সরকার যদি রোববার তাঁদের বিক্ষোভ কর্মসূচিতে বাধা দেয়, তাহলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।বিএনপির আটক নেতা-কর্মীদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে রোববার প্রথমে পল্টন ময়দানে গণ-অনশন কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। কিন্তু গত বৃহস্পতিবার পর্যন্ত জাতীয় ক্রীড়া পরিষদ বিএনপিকে পল্টন ময়দান ব্যবহারের অনুমতি দেয়নি। গতকাল ও আজ শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় বিএনপির ধারণা, সরকার তাদের পল্টন ময়দান ব্যবহার করতে দেবে না। এ কারণে বৃহস্পতিবার বিএনপি কর্মসূচি পরিবর্তন করে বিক্ষোভ করার ঘোষণা দেয়।পল্টন ময়দান না পাওয়ার বিষয়টি উল্লেখ করে মির্জা ফখরুল সবাইকে সরকারের ফ্যাসিস্ট আচরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সরকার বিএনপির শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে বাধা দিচ্ছে। বিএনপির হরতালে দলের নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। এখন সরকার তাদের অনশন করতেও দিল না। এর মাধ্যমে প্রমাণ হয়েছে, এই সরকার জনগণের প্রতিবাদ করার অধিকারে বিশ্বাস করে না।বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, সরকার একদলীয় শাসন কায়েমের জন্য নানা কৌশলে বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে চায়। এরই অংশ হিসেবে তারা সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে।