সরকার ১৯৭২ সালের সংবিধানে ফিরতে পারবে না: মওদুদ
বিএনপির জ্যেষ্ঠ নেতা ও সাংসদ মওদুদ আহমদ বলেছেন, আওয়ামী লীগ দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য ১৯৭২ সালের মূল সংবিধানে ফিরে যাওয়ার কথা বলছে। কিন্তু বাস্তবে তারা এটি কোনো দিনও করবে না। কেননা ওই মূল সংবিধানে ফিরে যেতে হলে রাষ্ট্রধর্ম ও জরুরি আইনের বিধান বাতিল করতে হবে। এগুলো বাতিল করা সম্ভব নয়। তাই আওয়ামী লীগ এটি করতে পারবে না। আজ শুক্রবার প্রেসক্লাবে বাংলাদেশ সাংস্কৃতিক একাডেমি আয়োজিত ‘পঞ্চম সংশোধনী বাতিল ও স্বাধীনতার জন্য হুমকি’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।একাডেমির নির্বাহী পরিচালক এম এ মেহবুব রহমান বৈঠকে সভাপতিত্ব করেন। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সাংসদ মাহবুব উদ্দিন ও হামিদুল্লাহ খানসহ প্রমুখ বক্তব্য দেন। হরতালে পুলিশের হাতে নাজেহাল হওয়া নেতাদের বর্ণনা তুলে ধরে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এবার হরতালে সুনির্দিষ্টভাবে নেতাদের হত্যা করার উদ্দেশে নির্যাতন করা হয়েছে। পুলিশ যেভাবে মির্জা আব্বাসের বাড়িতে ঢুকে মারধর করেছে তা অবিশ্বাস্য এবং নজীরবিহীন। তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে বলেন, একনায়কতন্ত্রের কারণেই ওই ঘটনা ছিল একটি বাস্তবতা। তবে ঘটনাটি মর্মান্তিক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মহান নেতা। কিন্তু বঙ্গবন্ধুর মতো নেতাকেও আওয়ামী লীগ বিতর্কিত করেছে। বিএনপি সাংসদ মাহবুবউদ্দিন জামায়াত নেতাদের গ্রেপ্তারের সমালোচনা করে বলেন, জঙ্গিবাদের উত্থান দেখাতেই এ গ্রেপ্তার করা হয়েছে। একদিন কমবেশি নয়, ১৬ দিন রিমান্ড নিয়েছে। এ ঘটনা নজিরবিহীন।