সরকার ‘জিরো টলারেন্সে’ বিশ্বাসী
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের দাবি, সরকার সন্ত্রাস প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতিতে বিশ্বাস করে তত্পরতা চালিয়ে যাচ্ছে। বিগত তিন বছরে বর্তমান সরকার দেশের সব সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠীকে নির্মূল করতে সক্ষম হয়েছে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ কার্যক্রমও অব্যাহত রয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে কোনো আপস নেই বলে তিনি উল্লেখ করেন।আজ বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর একটি হোটেলে ‘রিজিওনাল ওয়ার্কশপ অন দ্য ইমপ্লেমেন্টেশেন অব দি ইউএন গ্লোবাল কাউন্টার টেরোরিজম স্ট্রাটেজি ইন সাউথ এশিয়া’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সরকার দেশের পাশাপাশি সারা বিশ্বে সন্ত্রাসবাদ মোকাবিলায় জাতিসংঘের সঙ্গে কাজ করে যাচ্ছে।’ জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তার স্বার্থে তিনি কঠোর হাতে সন্ত্রাসবাদ মোকাবিলার ওপর জোর দেন।মন্ত্রী বলেন, বর্তমান সরকার বাংলাদেশ ভূখণ্ডের ভেতরে বিদেশি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কোনো গোষ্ঠীর কোনো ধরনের বেআইনি তত্পরতা অনুমোদন বা প্রশ্রয় দেয় না। এরই মধ্যে এ ধরনের কর্মকাণ্ডকে আইনের আওতায় আনা হয়েছে। তিনি বলেন, সন্ত্রাস ও মৌলবাদবিরোধী গণসচেতনতা তৈরির কাজ করছে এ দেশের ধর্মীয় নেতারা এবং মিডিয়া ও সুশীল সমাজ।মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেন, কোন দেশ ও জাতি বর্তমানে সন্ত্রাসবাদের বাইরে নয়। তাই সন্ত্রাসবাদকে আজ সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। এ জন্য যুক্তরাষ্ট্র, বাংলাদেশসহ সবার সঙ্গে একত্রে কাজ করবে। কেননা, ভবিষ্যত্ প্রজন্মের জন্য সন্ত্রাসবাদ মোকাবিলা জরুরি। বাসস।