সরকার ’৭২-এর সংবিধানে ফিরে যেতে পারবে না: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা মওদুদ আহমদ বলেছেন, সরকার ’৭২-এর মূল সংবিধানে ফিরে যেতে পারবে না। ওই সংবিধানে ফিরে যেতে হলে সরকারকে বিশেষ ক্ষমতা আইন ও জরুরি আইন বাতিল করতে হবে। কারণ, মূল সংবিধানে এ আইন দুটি ছিল না। সংবিধান সংশোধনের মাধ্যমে তত্কালীন আওয়ামী লীগ সরকার এগুলো যুক্ত করেছিল বলে তিনি মন্তব্য করেন।‘বাকশাল কায়েম ও গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে আজ সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় মওদুদ আহমদ এসব কথা বলেন।মওদুদ আহমদ অভিযোগ করেন, বর্তমান সরকার বাকশাল সরকারের মতোই ফ্যাসিবাদী। তাদের পক্ষে বিশেষ ক্ষমতা আইন ও জরুরি আইন বাতিল করে মূল সংবিধানে ফিরে যাওয়ার সাহস হবে না।বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, খোন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, সালাউদ্দিন কাদের চৌধুরী, গয়েশ্বর রায় প্রমুখ।খোন্দকার মোশাররফ হোসেন বলেন, আজকের দিনটি জাতির জন্য কলঙ্কময় দিন। ১৯৭৫ সালের এই দিনে গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা এবং সংবাদপত্র, বাক ও ব্যক্তির স্বাধীনতা হত্যা করা হয়েছিল। তিনি অভিযোগ করেন, সরকার বাকশালের সময়ে ফিরে যেতে চায় বলেই বিরোধী দলকে সংসদের বাইরে রেখেছে। বাকশাল আমলের মতো বর্তমানেও প্রশাসনকে দলীয়করণ করছে বলে তিনি মন্তব্য করেন।সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘বাংলাদেশের মানুষের প্রতি শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া সর্বশেষ কৃতিত্বের নাম বাকশাল। ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর তিনি এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো অবদান রেখে যেতে পারেননি। তিনি বর্তমান সরকারের কাছে সাবেক সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদের বিচার দাবি করেন। নইলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি তাঁর বিচার করবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। বাকশাল নিয়ে সংবাদমাধ্যমে ‘প্রকৃত সত্য’ প্রকাশ করা না করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।নজরুল ইসলাম খান বলেন, আজকের দিনটি শুধু গণতন্ত্র হত্যা দিবসই না, বাংলাদেশের জনগণের সঙ্গে প্রতারণার দিন। রাজনীতির সব অপরাধের সূচনা হয়েছিল বাকশাল কায়েমের মাধ্যমে। সংখ্যাগরিষ্ঠতার জোরে বর্তমান সরকার যেন বাকশালতন্ত্র কায়েম করতে না পারে, সে ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।জমির উদ্দিন সরকার বলেন, গণতন্ত্র হত্যা করে তারাই, যারা সংখ্যাগরিষ্ঠ থাকে। ১৯৭৫ সালে আওয়ামী লীগ সেই জোরেই গণতন্ত্র ধ্বংস করেছিল। আওয়ামী লীগ সমালোচনা সহ্য করতে না পেরেই গঠন করেছিল বলে তিনি মন্তব্য করেন।