সরকারই পরিস্থিতি উত্তপ্ত করে তুলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল রোববার সারা দেশে রাজপথ অবরোধ কর্মসূচি পালন করবে ১৮ দল। বিএনপির নেতৃত্বাধীন জোটের এই কর্মসূচি নিয়ে প্রথম আলো ডটকমের সঙ্গে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এখানে সেই আলাপচারিতা তুলে ধরা হলো:প্রশ্ন: আগামী কাল ১৮ দলের রাজপথ অবরোধ কর্মসূচি। এই কর্মসূচি নিয়ে আপনাদের প্রস্তুতি কেমন? কী পরিমাণ নেতা-কর্মী মাঠে থাকবে বলে আপনারা আশা করছেন?খন্দকার মোশাররফ হোসেন: দেশনেত্রী এই কর্মসূচি দেওয়ার পর কর্মসূচির সমন্বয় ও মনিটরিংয়ের জন্য ১৯টি কমিটি করা হয়েছে। সারা দেশে কমিটিগুলো কাজ করেছে। স্থায়ী কমিটির সভায় মূল্যায়ন করতে গিয়ে আমরা দেখেছি, প্রতিটি জেলা-উপজেলায় এই কর্মসূচি নিয়ে যথেষ্ট উত্সাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নেতা-কর্মী ছাড়া সাধারণ জনগণও এই কর্মসূচিতে অংশ নেওয়ার উত্সাহ প্রকাশ করছে। তাই আমরা মনে করি, সার দেশে আমাদের এই শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক কর্মসূচি ব্যাপক সাড়া পাবে। শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালনের জন্য আমরা নির্দেশ দিয়েছি। কিন্তু কর্মসূচি দেওয়ার পর সরকারের পক্ষ থেকে এই কর্মসূচি নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন। এমনকি প্রধানমন্ত্রীও এ বিষয়ে মন্তব্য করেছেন। এর ফলে এই কর্মসূচির গুরুত্ব আরও বেড়ে গেছে। আমরা শুনছি, আওয়ামী লীগ তাদের অঙ্গসংগঠনগুলোকে রাস্তায় থাকার জন্য বলছে। পুলিশ বাহিনীকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলছেন। ব্যবস্থা হিসেবে আমরা দেখছি, পুলিশ আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার শুরু করেছে; যাতে করে আমরা ভালোভাবে কর্মসূচি পালন করতে না পারি। এ জন্য আতঙ্ক সৃষ্টি করছে। এটা করাতে কর্মসূচি উত্তাপের দিকে যাচ্ছে। তা না হলে এটা অত্যন্ত নিরুত্তাপ, শান্তিপূর্ণ কর্মসূচি। সরকারই পরিস্থিতি উত্তপ্ত করে তুলছে, এটি খুবই দুঃখজনক।প্রশ্ন: আপনাদের অনেক নেতা বলছেন, সরকার বাধা দিলে বিএনপি আরও কঠোর হবে। যদি সরকার বাধা দেয়, তাহলে বিএনপির অবস্থান কী হবে? আরও কঠোর কর্মসূচি কী?খন্দকার মোশাররফ হোসেন: আমাদের নেত্রী ২৮ তারিখের সমাবেশে ইঙ্গিত দিয়েছেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার বাধা দিলে হরতালের মতো কঠোর কর্মসূচি আসতে পারে।যদি সরকার বাধা দেয়, হরতালসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। আমরা বিজয়ের মাসে কঠোর কর্মসূচি দিতে চাই না। কিন্তু বাধা দিলে আমাদের কোনো বিকল্প থাকবে না। প্রশ্ন: সে ক্ষেত্রে হরতালের বাইরে আরও কঠোর কর্মসূচি কী হতে পারে?খন্দকার মোশাররফ হোসেন: এটা তো রাজপথ অবরোধ। এর বাইরে ঢাকা অবরোধ, অবস্থান ধর্মঘট, লাগাতার হরতাল হতে পারে। যেমন— জামায়াতকে সমাবেশ করতে দেয়নি। এরপর তারা হরতাল করেছে, দেশে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হলো। কিন্তু আমরা অস্থিতিশীল অবস্থা চাই না। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি এখন জনগণের দাবি। এটা সমাধা হয়ে গেলে, আন্দোলন-সংগ্রামের কোনো প্রয়োজন নেই। কিন্তু এটি উপেক্ষা করা হলে দেশ অরাজকতার দিকে যেতে পারে, এটা অস্বাভাবিক নয়। এর দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে। প্রশ্ন: নির্দলীয় সরকারের দাবি তো বিএনপি সংসদে গিয়ে তুলতে পারে?খন্দকার মোশাররফ হোসেন: সংসদে যাওয়ার কথা আমাদের কোনো কোনো নেতা বলেছেন। আগামী সংসদে বিএনপি যেতেও পারে। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটি রাস্তায় আন্দোলনের মাধ্যমে আমরা জনগণের মধ্যে ছড়িয়ে দিয়েছি। এখন এটি জনগণের দাবি। জনগণের দাবি সংসদে উত্থাপনের জন্য আমরা হয়তো সংসদে যেতে পারি। কিন্তু উত্থাপন করলেই সমস্যার সমাধান হবে না। এর জন্য আরেকটি সংশোধনী লাগবে। যেহেতু এই সরকারের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তারাই এটি পারে। সরকার যদি মনে করে, আনুষ্ঠানিকভাবে উত্থাপনের জন্য বিরোধী দলকে যেতে হবে, যদি তাদের ইচ্ছা থাকে, হয়তো সংসদের পরবর্তী অধিবেশনে আমাদের সদস্যরা যেতে পারে। প্রশ্ন: আপনাদের জোটগত এই কর্মসূচিতে জামায়াত কতটুকু সহায়তা করবে? আপনারা কতটুকু প্রত্যাশা করছেন জামায়াতের কাছ থেকে?খন্দকার মোশাররফ হোসেন: আমরা জোটগতভাবে যত কর্মসূচি দিয়েছি, জামায়াত তাদের সাধ্যমতো লোকজন নিয়ে উপস্থিত হয়েছে। ২৮ তারিখের সমাবেশেও উপস্থিত ছিল। ১৮ দলের কর্মসূচি হচ্ছে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক। সেখানে জামায়াতের উপস্থিতিতে কোনো অঘটন ঘটেনি। অতীতে জামায়াত যেভাবে অংশ নিয়েছিল, আমাদের প্রত্যাশা, অতীতের মতো তারা এবারও তাদের সব শক্তি দিয়ে অংশ নেবে। ’প্রশ্ন: সাম্প্রতিক সময়ে জামায়াতকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়াতে দেখা যাচ্ছে। এ ব্যাপারে কিছু বলুন।খন্দকার মোশাররফ হোসেন: সংঘর্ষ বেধে যায় বাধা দেওয়ার জন্য। কালকে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে যদি পুলিশ বাধা দেয়, সেখানে আমাদের কর্মীরা থাকতে চাইবে। সেখানে তো কিছু সমস্যা হতেই পারে। সরকার যদি মনে করে সংঘাতে রূপান্তর করবে, এটা সরকারের আচরণের ওপর নির্ভর করবে; পুলিশের, সরকারদলীয় কর্মীদের আচরণের ওপর নির্ভর করবে। তারা যদি চড়াও হয়, আমাদের নেতা-কর্মীরা তো একেবারে বসে থাকবে না। সেখানে মুখ্য ভূমিকা সরকারের। বল সরকারের কোর্টে। কীভাবে খেলবেন, সেটা সরকারের ওপর নির্ভর করে।