সরকারই মানবতাবিরোধী অপরাধ করেছে: জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমেদ বলেছেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়ার এক বছর পরও মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যায়নি। বিনাবিচারে তাঁদের আটক রেখে সরকার নিজেই মানবতাবিরোধী অপরাধ করেছে।আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সমাবেশে দলের ভারপ্রাপ্ত মহাসচিব এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘সরকারের সামনে তিনটি সুযোগ আছে। এগুলো হলো দেশত্যাগ, দেহত্যাগ ও পদত্যাগ।’ তবে সরকার দেশত্যাগ করুক, তা তাঁরা চান না।বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘জামায়াতের নেতা মতিউর রহমান নিজামী সত্ ও আদর্শবান নেতা। বাংলাদেশে এমন লোক কম আছে। কোনো অপরাধে জড়িত থাকার মতো ব্যক্তি তিনি নন।’দলের ঢাকা মহানগর কমিটির আমির রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব শামীম আল মামুন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামীসহ ১১টি দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।