সরকারই সংলাপ চায় না: মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার সংলাপে আন্তরিক নয়। তারাই সংলাপ চায় না। তারা চায় না সুষ্ঠু উপায়ে রাজনৈতিক সংকটের সমাধান হোক।এসব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, সংলাপ নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেই। কিছুদিন আগে প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ মন্ত্রীরা বলছেন, সংলাপের প্রশ্নই ওঠে না। প্রধানমন্ত্রী বিএনপিকে ‘বাংলাদেশ নয়া পাকিস্তানি দালাল’ বলেছেন। তা ছাড়া সোমবার দলের কার্যালয়ে হামলা চালিয়ে যেভাবে ধরপাকড় করা হলো, এতে প্রমাণিত হয়, সরকারই সংলাপ চায় না।রাজনৈতিক অঙ্গনে সংলাপ নিয়ে আলোচনা, হরতাল আহ্বান, বিএনপির কার্যালয়ে পুলিশের হানা, নেতা-কর্মীদের আটক করা, এক দিন পর তিনজনকে ছেড়ে দেওয়াসহ নানা বিষয়ে নিজের ও দলের ভাবনা নিয়ে কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন ও বিরোধী দলের ওপর নিপীড়ন, গ্রেপ্তার বন্ধে কঠোর আন্দোলনের কোনো বিকল্প নেই। গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি সব সময় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আগ্রহ দেখিয়েছে। কিন্তু সরকার এতে কর্ণপাত করেনি।ফখরুল বলেন, জনগণের দাবি ও অধিকার আদায়ে জনতাকে সঙ্গে নিয়েই বিএনপি ও ১৮ দলীয় জোট এগিয়ে যাবে। এর মানে এই নয় যে, বিএনপি আলোচনার পথ বন্ধ করছে। তিনি বলেন, ‘আমরা আলোচনায় ও সংলাপে বিশ্বাস করি। কিন্তু আমরা এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক প্রস্তাব পাইনি। প্রধানমন্ত্রীর কাছ থেকে এ ধরনের প্রস্তাব আসা উচিত।’ তিনি বলেন, যেভাবে সংলাপের কথা বলা হচ্ছে, তা বায়বীয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ নিয়ে একেক সময় একেক ধরনের কথা বলেন।বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে সংকট সমাধান সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, এটা নির্ভর করছে সরকারের ওপর। বিএনপির নেতৃত্বাধীন জোট নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন করছে। এটা তো জনগণেরও দাবি। বিভিন্ন গণমাধ্যমের জরিপ এসেছে, মানুষ এই পদ্ধতিতে নির্বাচন চায়। দলীয় সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। একটি মীমাংসিত পদ্ধতি বাদ দিয়ে সরকারই রাজনীতিতে সংকট তৈরি করেছে।মানবতাবিরোধী অপরাধীদের বিচারের প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘সরকার উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে দিয়ে খালি যুদ্ধাপরাধী, যুদ্ধাপরাধী করছে। আমরা নাকি যুদ্ধাপরাধীদের পক্ষে। অথচ আমাদের ঘোষণাপত্রের কোথাও উল্লেখ নেই আমরা যুদ্ধাপরাধীদের পক্ষে। আসলে সরকার নিজের ব্যর্থতা ঢাকার জন্য একটা ধূম্রজাল তৈরি করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে।’স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে ফখরুল বলেন, ‘বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে পদ্মা সেতু পর্যন্ত সব ক্ষেত্রেই সরকার চরমভাবে ব্যর্থ। সরকারের ক্ষমতায় থাকার আর কোনো নৈতিক অধিকার নেই।’ তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে দমন ছাড়া আর কি কোনো কথা আছে? গণতন্ত্রে তো কোনো দমন নেই। আমরা গণতন্ত্রে বিশ্বাসী।’